পাঁচ মাস পর কবর থেকে ভাইবোনের লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা গ্রামে মৃত্যুর পাঁচ মাস পর কবর থেকে মুনতাহ বেগম (৩) ও মুনতাছির হোসেন (৩) নামের জমজ দুই ভাইবোনের লাশ তোলা হয়েছে৷ ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার লাশ দুটি তোলা হয়৷
পুলিশ জানায়, মুনতাহ ও মুনতাছিরের মৃত্যুর ঘটনা তদন্তের জন্য গত ১৬ এপ্রিল তাদের মা আফসানা আক্তার লক্ষ্মীপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেন৷ গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিমের উপস্থিতিতে কবর থেকে শিশু দুটির মরদেহ তোলা হয়৷ ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷
থানার ওসি ইকবাল হোসেন বলেন, ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷
আফসানা আক্তার অভিযোগ করেন, তাঁর স্বামী মনির হোসেনের বড় ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব আছে৷ দেলোয়ারই পরিকল্পিতভাবে তাঁদের সন্তানদের বিষ খাইয়ে হত্যা করেছেন৷
গত ১৬ ফেব্রুয়ারি ঘরে মুনতাহা ও মুনতাছিরকে খেলতে দেখে রান্নার কাজে যান মা৷ কিছুক্ষণ পর ফিরে এসে তাদের মুখ দিয়ে লালা ও বমি হতে দেখেন৷ লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর মুনতাহা মারা যায়৷ মুনতাছিরকে নোয়াখালী হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় সে৷ তখন ব্রেইন হিস্টিরিয়া রোগে শিশু দুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন৷