পাঁচ মাস পর খুলে দেওয়া হলো বিদ্যালয়ের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষকের পদ নিয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শমসের ইউছুব রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের মধ্যে চলা দ্বন্দ্বের অবসান হয়েছে। পাঁচ মাস পর গত বৃহস্পতিবার ওই বিদ্যালয় ভবনে লাগানো তালা খুলে দেওয়া হয়েছে।
গত বুধবার বিকেলে মীমাংসা হওয়ায় পাঁচ মাস পর বৃহস্পতিবার সকাল নয়টায় বিদ্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ নিয়ে সহকারী শিক্ষক ফরিদা সুলতানা ও আকলিমা খাতুনের মধ্যে ২০১১ সাল থেকে দ্বন্দ্ব চলে আসছিল।
এ নিয়ে সহকারী শিক্ষক ফরিদা সুলতানা বিদ্যালয়ের সবগুলো কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। এতে বিদ্যালয়ের ভবনে পাঠদান বন্ধ হয়ে যায়। পরে এক শিক্ষকের আত্মীয়ের বাড়িতে পাঠদানের ব্যবস্থা করা হয়।
এ নিয়ে গত ১৮ নভেম্বর প্রথম আলোয় ‘শিক্ষকদের দ্বন্দ্ব, ভুগছে শিক্ষার্থীরা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এরপর বিদ্যালয় ভবনে লাগানো তালা খুলে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বৈঠক করেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ফরিদা সুলতানা বিদ্যালয়ের তালা খুলে দেন।
ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান বলেন, শিক্ষকদের মধ্যে চলা দ্বন্দ্ব মীমাংসা হওয়ায় বিদ্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ইউএনওর মাধ্যমে দুই শিক্ষকের দ্বন্দ্ব মেটানোর পর বিদ্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে।