পাঁচ মাস পর টেকনাফ-সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ মাস বন্ধ থাকার পর টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আজ বৃহস্পতিবার সকাল থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সাগর উত্তাল থাকায় গত ৩০ এপ্রিল থেকে এ নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, ‘সাগর উত্তাল ও আবহাওয়া অনুকূলে না থাকায় এ নৌপথে পর্যটকবাহী জাহাজ পারাপারের অনুমতি দেওয়া হয়নি। আবহাওয়া অধিদপ্তর বলছে, সাগর এখন বেশ শান্ত আছে। তাই আবার জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।’

পর্যটকবাহী জাহাজ ‘কেয়ারি সিন্দবাদ’, ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন’, ‘বে-ক্রুজ’ ও ‘এলসিটি কুতুবদিয়া’কে আজ থেকে পর্যটক পারাপারের অনুমতি দেওয়া হয়েছে। চলাচলের ওপর কিছু শর্তারোপ করা হয়েছে। শর্ত না মানলে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবেন বলে জানান মো. আলী হোসেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী না নেওয়া, বিচ ম্যানেজমেন্ট ফান্ডে ‘সেবা চার্জ’ হিসেবে যাত্রীপ্রতি ১০ টাকা জমা, সরকার অনুমোদিত জেটিঘাট ব্যবহার, যেকোনো পরিস্থিতিতে পর্যটকদের নিরাপদ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা, আবহাওয়ার সতর্কতা-সংকেত মেনে চলা, সংকেত জারির সঙ্গে সঙ্গে জাহাজ চলাচল বন্ধ রাখা, জাহাজে আনসার বাহিনী নিয়োজিত রাখা, যাত্রীদের লাইফ জ্যাকেটসহ সব নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করা এবং ফিটনেস লাইসেন্স সঙ্গে রাখার শর্ত দেওয়া হয়েছে।

আজ সকালে সরেজমিনে টেকনাফের দমদমিয়া জাহাজঘাটে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে তিন শতাধিক পর্যটক ঘাটে ভিড় করেছেন। কেয়ারি সিন্দবাদ জাহাজ ২৭৮ জন পর্যটক ও স্থানীয় ২৫ জন বাসিন্দা নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে টেকনাফ ছেড়ে যায়।

আগামীকাল শুক্রবার থেকে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও বে-ক্রুজ চলাচল করবে। এ ছাড়া এলসিটি কুতুবদিয়া কয়েক দিনে মধ্যে পর্যটক পারাপার চালু করবে বলে নিশ্চিত করেন এর ব্যবস্থাপক মো. আজিজ।

উল্লেখ্য, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ‘কেয়ারি সিন্দবাদ’, ‘এলসিটি কুতুবদিয়া’ ও ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন’ নামের তিনটি জাহাজকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে সারা বছর চলাচলের অনুমতি দেয়। কিন্তু সাগর উত্তাল থাকায় ও ঝড়ের আশঙ্কায় গত ৩০ এপ্রিল থেকে টেকনাফ উপজেলা ও কক্সবাজার প্রশাসন জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল। ওই তিনটি জাহাজ ছাড়া প্রতিবছর পর্যটন মৌসুমে এই নৌপথে আরও চারটি জাহাজ চলাচল করে।

গত ৩০ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পাঁচ মাস ধরে বন্ধ জাহাজ চলাচল, ঝুঁকি নিয়ে ট্রলারে যাতায়াত’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।