পাঁচ মাস পর বড়পুকুরিয়ায় কয়লা তোলা শুরু
দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনি থেকে পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে। পাঁচ মাস বন্ধ থাকার পর নতুন খনিমুখ (ফেজ) থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। ফলে স্বস্তি ফিরে এসেছে খনি এলাকায়।
বড়পুকুরিয়া কোল মাইনিং লিমিটেড সূত্র জানায়, গত ২০ জুন ১২০৫ নম্বর খনিমুখে পানি ঢুকে পড়ায় তা জলাধারে পরিণত হয়। এ অবস্থায় বারবার পানি অপসারণ করে খনির উৎপাদন স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন শ্রমিক-প্রকৌশলীরা। কিন্তু পানির প্রবাহ তীব্র হওয়ায় ওই চেষ্টা ভেস্তে যায়। ফলে পরিত্যক্ত ঘোষণা করা হয় ফেজটিকে।
খনিমুখ বন্ধ হয়ে পড়ায় বড়পুকুরিয়া কয়লাখনি থেকে উত্তোলন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে খনির পাশের ২৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট সচল রাখা দুরূহ হয়ে পড়ে।
কয়লাখনির মহাব্যবস্থাপক (প্রশাসন) সিরাজুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা খনির নতুন ফেজ চালুর জন্য পুরোমাত্রায় উন্নয়নকাজ শুরু করি। ১২১২ নম্বর নতুন খনিমুখে মাইনিং ইকুইপমেন্ট বসিয়ে পরীক্ষামূলক উৎপাদন শুরু করা হয়েছে।’