পাঁচ মাস পর সামছু ডাকাতের কঙ্কাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সামছুল আলম প্রকাশ সামছু ডাকাত নামে এক ব্যক্তিকে অপহরণের পর হত্যা করে লাশ গুমের পাঁচ মাস পর গতকাল চট্টগ্রামের মিরসরাই উপজেলার নয়টিলা মাজারের পাশের একটি গর্ত থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত রোববার ফেনী থানা পুলিশ পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় এলাকা থেকে মো. আজাদ নামে এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ফেনীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, গাড়ি চুরি, ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে। তাকে ফেনীর বিচারিক হাকিমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।ফেনী থানা পুলিশের জিজ্ঞাসাবাদে আজাদ তার প্রতিপক্ষ সামছু ডাকাতকে পাঁচ মাস আগে অপহরণের পর হত্যা করে লাশ গুমের কথা স্বীকার করে। গতকাল সোমবার সকালে আজাদকে নিয়ে ফেনী থানা পুলিশ চট্টগ্রামের মিরসরাই উপজেলার ফেনী-খাগড়াছড়ি সড়কের নয়টিলা মাজারের পাশে রওনা হয়। সেখানে প্রায় ২০ ফুট গভীর একটি নিচু গর্ত থেকে সামছু ডাকাতের কঙ্কাল উদ্ধার করা হয়। এ সময় সামছুর স্ত্রী ইয়াসমিন আরা বেগম, মেয়ে সারমিন আক্তার, ছেলে লোকমান হোসেন ও ফারুক হোসেন সামছুর ব্যবহূত স্যান্ডেল, কোমরের বেল্ট এবং জামা দেখে তা শনাক্ত করে।বিকেলে ফেনীর পুলিশ সুপার কার্যালয়ের সামনে আজাদকে হাজির করা হলে সে উপস্থিত সাংবাদিকদের কাছে অপহরণ ও হত্যার বিবরণ দেয়। আজাদ জানায়, এলাকায় একটি ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে সামছুর সঙ্গে তার বিরোধ দেখা দেয়। এরপর সে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনামতো, সামছুকে কুমিল্লার চৌদ্দগ্রামের ঘাংরা নামক স্থান থেকে তার সহযোগী ছালে আহম্মদ, আশরাফ, মফিজ, কামরুল, সৌরভ, রাসেল ও কবির অপহরণের পর একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে ফেনীর মহিপাল এলাকায় নিয়ে যায়। মাইক্রোবাসের চালক ছিল কবির। ওই রাতে সামছুকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার নয়টিলা মাজারের পূর্ব পাশে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে টিলার নিচে জবাই করে একটি গর্তে ফেলে মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা মাইক্রোবাস নিয়ে পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে চলে যায়। এদিকে অপহরণের পর হত্যার ঘটনায় সামছুর স্ত্রী ইয়াসমিন আরা বেগম ফেনী মডেল থানায় একটি মামলা করেন।