পাঁচ মাস বেকার হাওরের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা নিকলী, মিঠামইন ও ইটনায় এখন থই থই পানি। এসব এলাকার ৮০ শতাংশ মানুষ কৃষিজীবী। বর্ষা শুরুর পর থেকে পাঁচ মাস তাদের হাতে কোনো কাজ থাকে না। বেশির ভাগ বাড়ির উঠানে চলে ক্যারম, তাস খেলা। নারীরা অবসর সময় কাটান মাছ ধরে বা লুডু খেলে।
বর্ষার দিনগুলোতে সন্ধ্যায় ও রাতে হাওরের গ্রামীণ বাজার হয়ে ওঠে জমজমাট। বিশেষ করে বাজারে চায়ের দোকানগুলো মানুষে ঠাসা থাকে। এসব দোকানে চা-বিড়ি বা পানের সঙ্গে চলে বাংলা সিনেমা দেখা।
জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্র জানায়, নিকলী উপজেলায় সাতটি ইউনিয়ন—নিকলী সদর, সিংপুর, দামপাড়া, কারপাশা, জারুইতলা, গুরুই ও ছাতিরচর; মিঠামইনে সাতটি—মিঠামইন সদর, গোপদীঘি, ঢাকী, ঘাগড়া, কেওয়ারজোড়, কাটখাল ও বৈরাটি ও ইটনায় আটটি—ইটনা সদর, বড়িবাড়ী, বাদলা, চৌগাংগা, এলংজুরী, মৃগা, ধনপুর ও রায়টুটী ইউনিয়ন আছে। এ ২২টি ইউনিয়নের জনসংখ্যা ৪ লাখ ১২ হাজার ৩৭৫ জন।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্তিক থেকে বৈশাখ মাস হাওর অঞ্চলের মানুষের ব্যস্ত সময় কাটে। এ সময়টাতে জমিতে ধান রোপণ, পরিচর্যা ও ধান কেটে শুকিয়ে বাড়ির গোলায় তুলতে হয় তাদের। এ সাত মাস প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম আর ব্যস্ততা ঘিরে রাখে হাওরবাসীকে। কিন্তু ঘরে ধান তোলা শেষ হওয়ামাত্র বেকার হয়ে যায় তারা। এ সময় মাঠে বর্ষার পানি আসতে শুরু করে। কেউ কেউ বেকারত্ব ঘোচাতে পাড়ি জমায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে। বর্ষার পর আবার গ্রামে ফেরে।
হাওরের বিভিন্ন গ্রাম ও বাজার ঘুরে দেখা যায়, অবসর সময় কাটাতে অধিকাংশ বাড়ির উঠানে বিভিন্ন বয়সের মানুষ তাস খেলছে। কেউ ক্যারম খেলে, কেউবা গল্প করে সময় কাটাচ্ছে।
বিকেলের পর থেকে বাজারের দোকানে ও আশপাশে জমজমাট আড্ডা চলে। রাত ১২টা পর্যন্ত বাজারের চায়ের দোকানগুলোতে টেলিভিশনে বাংলা সিনেমা দেখার জন্য ভিড় থাকে।
কথা হয় সিংপুর ইউনিয়নের ভাটিবরাইটিয়া গ্রামের সুলতান মিয়ার (৩৩) সঙ্গে। পেশায় জেলে সুলতান মিয়া বলেন, ‘নদীতে মাছ নাই, জাল বাইব কেমনে। তাই আমরা আজাইরা মানুষ (বেকার)। আজাইরা থাকতে ভালা লাগে না। তাস খেলে সময়টা কাটে।’
ঘোড়াদীঘা গ্রামে চায়ের দোকানে বসে থাকা রইস মিয়া (৩২) নামের একজন বলেন, ঘরে বসে দিনটা তো যায় না। তাই সিনেমা দেখেই সময় কাটাই।
বাড়ির পুরুষদের মতো বেকার নারী ও মেয়েদেরও সময় কাটে লুডু খেলে। কেউ কেউ বাড়ির পাশে হাওরের পানিতে বড়শি দিয়ে মাছ ধরে। দামপাড়া ইউনিয়নের বরকান্দা গ্রামের গৃহবধূ জুনু আক্তার (৪৮) বলেন, ধানের মৌসুমে মানুষের খেতে কাজ করে দিন কেটে যায়। কিন্তু বর্ষায় দিন কাটতে চায় না। তাই বড়শি দিয়ে মাছ ধরে সময় কাটে। সংসারের অভাবও দূর হয়।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম বলেন, হাওরের মানুষ মূলত মৌসুমি বেকার।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জামিল আহমেদ বলেন, হাওরের উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন কাজ করে যাচ্ছে।