পরিচালনা কমিটি না থাকায় রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা পাঁচ মাস বেতন-ভাতা পাচ্ছেন না। এতে তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
শিক্ষকেরা জানান, ওই মাদ্রাসার পরিচালনা কমিটি ২০১২ সালের শেষের দিকে গঠন করা হয়। কমিটির মেয়াদ ২০১৪ সালের ২৮ অক্টোবর শেষ হয়। এর পর থেকে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার পরিচালনা কমিটি গঠনের কোনো উদ্যোগ নেননি। এ কারণে মাদ্রাসাটি পরিচালনায় নানা সমস্যা সৃষ্টি হয়। শিক্ষকেরা পাঠদান না করায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এটি এমপিওভুক্ত। এখানে ১৬ জন শিক্ষক ও কর্মচারী এবং ৩৪৫ জন শিক্ষার্থী আছে। ২০১৪ সালের ১৮ মার্চ ওই মাদ্রাসার সুপার আতাউর রহমানের বিরুদ্ধে অপহরণের ঘটনার জের ধরে একটি মামলা হয়। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পরিচালনা কমিটি তাঁকে ৩ এপ্রিল সাময়িক বরখাস্ত করে। এরপর ভারপ্রাপ্ত হিসেবে সুপারের দায়িত্ব দেওয়া হয় সহকারী শিক্ষক তোছাদ্দেক আলীকে। ওই বছরের ২৮ অক্টোবর পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়। কিন্তু অদ্যাবধি ভারপ্রাপ্ত সুপার পরিচালনা কমিটি গঠনের কোনো উদ্যোগ নেননি। কমিটি না থাকায় শিক্ষকেরাও পাঁচ মাস বেতন-ভাতা পাচ্ছেন না।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে গিয়ে ভারপ্রাপ্ত সুপারকে মাদ্রাসায় পাওয়া যায়নি। শিক্ষকেরা অফিসের কক্ষে বসে আছেন। শিক্ষার্থীরা মাঠে ছোটাছুটি করছে। শিক্ষক আমজাদ হোসেন ও আজহারুল ইসলাম জানান, বেতন না পাওয়ায় তাঁরা ভীষণ কষ্টে আছেন। সন্তানদের লেখাপড়ার খরচও তাঁরা দিতে পারছেন না। মাদ্রাসার পাশে হাতীবান্ধা গ্রামের অভিভাবক আনছার আলী অভিযোগ করেন, ‘মাদ্রাসায় রাজনীতি শুরু হয়েছে। এর বলি হচ্ছে আমাদের সন্তানেরা। বেতন না পাওয়ার অজুহাতে শিক্ষার্থীদের ঠিকমতো পাঠদান করা হচ্ছে না।’
নবম শ্রেণির ছাত্রী মুন্নী খাতুন বলেন, ‘স্যাররা ঠিকমতো ক্লাস নেন না। আমরা মাদ্রাসায় আসি আর যাই। ক্লাসের কথা বললে স্যাররা কয়, “না খেয়ে আর কত পড়াই।”’
তোছাদ্দেক আলী মুঠোফোনে বলেন, ‘ভাই, সুপারের দায়িত্ব নিয়ে বিপদে পড়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহযোগিতা না করায় এখনো কমিটি গঠন করতে পারি নাই। এখন ব্যস্ত, বাকি কথা সাক্ষাতে হবে।’
পরিচালনা কমিটি গঠনের জন্য সহযোগিতা না করার অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও গোলাম মওলা। তিনি বলেন, ‘ওই মাদ্রাসার শিক্ষকেরা বেতন না পাওয়ার বিষয়টি আমাকে কেউ জানায়নি। কয়েক দিন আগে এডহক কমিটি গঠনের জন্য আমার কাছে অভিভাবক সদস্য চেয়েছে। তা আমি দিয়েছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত বলেন, ‘এডহক কমিটি গঠনের কাজ চলছে। এক সপ্তাহের মধ্যে শিক্ষকদের সব সমস্যা সমাধান হয়ে যাবে।’