পাঁচ মাস বেতন-ভাতা পাচ্ছেন না মাগুরা পৌরসভার কর্মচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না মাগুরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন। গত বুধ ও বৃহস্পতিবার তাঁরা দুই দিনের কর্মবিরতি পালন করেন।
এদিকে বেতন-ভাতা বকেয়া থাকায় মানবেতর জীবন যাপন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
পৌরসভার স্বাস্থ্য কর্মসূচির ফিল্ড সুপারভাইজার তাসমিন আলী বলেন, ‘পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে এমন দুরবস্থা কখনো হয়নি। চাকরি করি অথচ আমাদের বেতন নেই। এর জন্য বর্তমান পৌর কর্তৃপক্ষই দায়ী।’
অবশ্য পৌরসভার মেয়র ইকবাল আকতার খান বলেন, ‘প্রতি মাসে ২৭ লাখ টাকার বেশি বেতন-ভাতা দিতে হয়। কিন্তু আয় অত নেই। বকেয়া বেতন-ভাতার জন্য পৌরসভার অতিরিক্ত জনবল দায়ী। আয়ের চেয়ে ব্যয় বেশি। পৌরসভায় আগে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁরা অতিরিক্ত জনবলের বোঝা পৌরসভার ঘাড়ে চাপিয়ে গেছেন। এ থেকে মুক্তির পথ দেখছি না। বকেয়া করসহ বিভিন্ন আয়ের খাতে আদায়ও সন্তোষজনক নয়। ঈদের আগে কর্মকর্তা-কর্মচারীদের কিছু বকেয়া পরিশোধের চেষ্টা করছি।’
পাঁচ মাসের বেতন-ভাতা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পৌরসভার ভান্ডাররক্ষক রওশনারা। টাকা পাঠাতে না পারায় বিশ্ববিদ্যালয়ের ভর্তির কোচিং করতে ঢাকায় পাঠানো ছেলেকে বাড়ি ফিরে আসতে হচ্ছে। হতাশার সুরে তিনি বলেন, ‘ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করাতে ঢাকায় পাঠিয়েছিলাম। এখন ঢাকায় তার থাকা-খাওয়া ও কোচিংয়ের টাকা দিতে পারছি না। ছেলেকে বাড়ি ফিরে আসতে হবে।’
পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বলেন, ‘আমরা আর পারছি না। বাধ্য হয়ে আন্দোলন করছি। পাঁচ মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় অনেকের ছেলেমেয়ের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। খাওয়া-পরা চলছে না। অমানবিক অবস্থা। বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে আমরা ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যাব।’
পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বড় পদে চাকরি করি। পাঁচ মাস বেতন-ভাতা বন্ধ থাকায় আমরাই চলতে পারছি না। তাহলে কর্মচারীদের কী অবস্থা, তা বুঝতে বাকি থাকে না।’