পাঁচ মাসে একটি বইও পায়নি তারা
বছর শুরুর পাঁচ মাস শেষ হতে চললেও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ২৩ জন শিক্ষার্থী এখনো বিনা মূল্যের একটি বইও পায়নি। এ জন্য বিদ্যালয়ে যাওয়া ছেড়ে দিয়েছে তারা। বইয়ের অভাবে পড়তে না পারায় ২৩ জন শিক্ষার্থীর অধিকাংশই প্রথম সাময়িক পরীক্ষা দিতে পারেনি। বইয়ের এ সংকট রয়েছে গোটা উপজেলায়। উপজেলায় ১৬ হাজার মাধ্যমিক শিক্ষার্থীর মধ্যে এখনো দুই হাজার শিক্ষার্থী পুরো বই পায়নি।গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল জানান, বিদ্যালয়ের ৪২০ জন ছাত্রছাত্রীর মধ্যে ৫৬০টি বইয়ের সংকট রয়েছে। বই দিতে না পারায় বিপাকে পড়েছেন তাঁরা। প্রায়ই অভিভাবকেরা এসে তাঁদের গালমন্দ করছেন। তিনি জানান, সপ্তম শ্রেণীর রুপালী, নিতু, সোমা, রেহানা, জুয়েল, সুমন, শিমুল, হাসানুজ্জামান, রাজু, শুভংকরসহ ২৩ জন শিক্ষার্থী এখনো একটি বইও হাতে পায়নি।প্রধান শিক্ষক আরও জানান, ছাত্রছাত্রীরা বই না পেলেও প্রথম দিকে বিদ্যালয়ে এসেছিল, এখন আর আসে না। এ জন্য তাদের কোনো চাপও দেওয়া যায় না। তিনি বলেন, গত এপ্রিল মাসে প্রথম সাময়িক পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু বই না পাওয়া শিক্ষার্থীদের অধিকাংশই পরীক্ষা দেয়নি। বই না পাওয়া সপ্তম শ্রেণীর ছাত্র গোপালপুর গ্রামের জুয়েল রানা জানায়, বই না থাকায় পড়ালেখা করতে পারছে না। তাই সে পরীক্ষা দেয়নি। এখন স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে। জুয়েল বলে, ‘পড়তে না পারলে পরীক্ষা দিয়ে কী লাভ।’সপ্তম শ্রেণীর আরেক ছাত্র সুমন হোসেন জানায়, সেও পরীক্ষা দেয়নি। বইয়ের অভাবে পড়তে পারেনি। ষষ্ঠ শ্রেণীর ছাত্র প্রত্যয় কুমার জানায়, তারা বই পেলেও এখনো দুটি বই পায়নি। ষষ্ঠ শ্রেণীর ছাত্র জিহাদ হোসেনও দুটি বই পায়নি। এ জন্য তারা অন্যের বই পড়ে পরীক্ষা দিয়েছে। তাই তাদের পরীক্ষা ভালো হয়নি।কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল বারী জানান, সরবরাহ না থাকায় গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে বই দেওয়া যাচ্ছে না। তিনি দাবি করেন, উপজেলার অন্য বিদ্যালয়গুলোর অবস্থা এতটা খারাপ নেই। তিনি স্বীকার করেন, উপজেলার দুই হাজার মাধ্যমিক শিক্ষার্থীর হাতে তারা এখনো বই তুলে দিতে পারেননি।