পাঁচ মাসে তিন আহ্বায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক পদে আবারও পরিবর্তন এসেছে। এ নিয়ে গত পাঁচ মাসের ব্যবধানে তিনবার আহ্বায়ক পরিবর্তন করা হলো। এভাবে আহ্বায়ক পরিবর্তন করায় দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের উপস্থিতি কমে গেছে।দলীয় সূত্রে জানা যায়, গত রোববার মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তায় রহিম উদ্দিন ভরসাকে বাদ দিয়ে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোজাফফর হোসেনকে জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। এর আগে গত বছরের অক্টোবরে আশরাফ হোসেন ওরফে বড়দাকে আহ্বায়ক নির্বাচিত করা হয়। এ সময় দলের একটি পক্ষ তাঁর বাড়িতে গিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এ নিয়ে তিনি কেন্দ্রীয় কমিটিকে একটি চিঠি লেখেন। এ প্রসঙ্গে আশরাফ হোসেন বলেন, দলের শৃঙ্খলা ভেঙে পড়েছে। কর্মীরা বাড়িতে এসে ভয়ভীতি ও হুমকি দেন। এসব কারণে তিনি দলে থাকতে চাননি।পরবর্তী সময়ে নভেম্বরের প্রথম সপ্তাহে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ রহিম উদ্দিন ভরসাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়। এর মধ্যে একটি পক্ষের নেতৃত্ব দেন ভরসা নিজেই। অন্য পক্ষে ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোজাফফর হোসেন। সে সময় শহরের গ্র্যান্ড হেটেল মোড়ের দলীয় কার্যালয়ে এক পক্ষ গেলে আরেক পক্ষ সেখান থেকে চলে যেত। এই দুই পক্ষের বিরোধের জের ধরে মিঠাপুকুর ও গঙ্গাচড়া উপজেলার সম্মেলনে সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে সম্মেলন পণ্ড হয়ে যায়।বর্তমান আহ্বায়ক মোজাফফর পক্ষের নেতা ও যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান বলেন, প্রবীণ নেতাদের দিয়ে দলের কার্যক্রম চালানো সম্ভব নয় বলেই আবার আহ্বায়ক পরিবর্তন করা হয়েছে। এতে দলে গতি ফিরে আসবে। রহিম উদ্দিন ভরসা পক্ষের নেতা ও আরেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন, অল্প সময়ের মধ্যে তিনবার আহ্বায়ক পরিবর্তন করার ফলে দলের নেতা-কর্মীদের মধ্যে স্থবিরতা দেখা দিয়েছে। দলের নেতা-কর্মীরা দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। আহ্বায়ক পদে পরিবর্তন প্রসঙ্গে রহিম উদ্দিন ভরসা বলেন, ‘কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিলে এখানে আমার কী করার আছে। তবে দলের অধিকাংশ কর্মী বিষয়টি মেনে নিতে পারেননি।’ নতুন আহ্বায়ক মোজাফফর হোসেন বলেন, ‘দলের মধ্যে যে স্থবিরতা ছিল, আমি আশা করছি তা কেটে যাবে।’