পাঁচ মাসে দুদক ২৭৮টি অভিযোগ তদন্ত করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৭৮টি দুর্নীতির অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে কমিশনের কাছে অভিযোগ এসেছে তিন হাজার ১৭৬টি। সেগুনবাগিচায় দুদকের প্রধান কার‌্যালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এতে বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (প্রশাসন ও সংস্থাপন) ফারুক আহমেদ। তিনি জানান, গত বছরের একই সময়ে দুদক ১০৬টি অভিযোগ গ্রহণ করেছিল। ওই সময়ে অভিযোগ এসেছিল তিন হাজার ৫২টি।মহাপরিচালক জানান, গত পাঁচ মাসে কমিশন ১০৮টি মামলার ১৭৯ জনের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমোদন দিয়েছে। তাদের মধ্যে ১৩৬ জনই সরকারি কর্মকর্তা। অভিযোগের মধ্যে আছে মানি লন্ডারিং, সম্পদের হিসাব না দেওয়া প্রভৃতি। গত পাঁচ মাসে ৭১ জনকে সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে।ফারুক আহমেদ জানান, দুর্নীতি প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য চার হাজার ৯৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা সংঘ’ গঠন করা হবে এবং মসজিদে খুতবার আগে পড়ার জন্য দুর্নীতিবিরোধী বই দেওয়া হবে।