পাঁচ মাসে পাবনায় ৩২ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি রোহিত রায় বলছি। এইমাত্র আমরা কয়েকজন শ্রেণিশত্রুকে খতম করলাম। আপনারা খোঁজ নিন। পুলিশকে জানান।’ এমন ফোন প্রায় নিয়মিত হয়ে উঠেছিল পাবনার সাংবাদিকদের কাছে। বলছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি উৎপল মির্জা।
ফোন উড়ো হলেও ঘটনা সত্যি। দেখা যেত, বর্ণিত স্থানে এক বা একাধিক লাশ পড়ে আছে। চরমপন্থীদের হাতে কথিত শ্রেণিশত্রু খুনের ঘটনা প্রায় নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছিল পাবনায়। বছর সাতেক হলো আর এ ধরনের ফোন আসছে না। স্বস্তি ফিরেছিল জনজীবনে। তবে গত ৩১ মে আতাইকুলার পুষ্পপাড়া বাজারে অতর্কিত হামলা চালিয়ে চার খুনের ঘটনায় আবার চরমপন্থী আতঙ্ক ভর করছে মানুষের মনে। গত প্রায় দেড় বছরে খুন হয়েছেন ১২১ জন। আর ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরে খুন হয়েছেন ৩২ জন৷ অধিকাংশই রাজনৈতিক, এলাকার কর্তৃত্ব, চাঁদাবাজি ও অপহরণ করে হত্যা৷
পাবনার ব্যবসায়ী, মানবাধিকারকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যা বোঝা গেল, এখানে চরমপন্থীদের দুটি অংশ সক্রিয়। ‘নকশাল’ বলে পরিচিত অংশটি পুরোনো। পরে এদের একটি অংশ বেরিয়ে যায়। সাধারণ লোকের কাছে তাদের পরিচয় ‘বাহিনী’ নামে। উভয় পক্ষেরই আরও অনেক নেতা ‘ক্রসফায়ারে’ পড়েন। কারাগারে আছেন অনেকে৷ নেতৃত্বশূন্যতায় নিষ্ক্রিয় হয়ে পড়ে চরমপন্থীরা। নিচের স্তরের কর্মীরা প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীতে ঢুকেছে বা ঢোকার চেষ্টা করছেন। দলগুলোও এলাকার আধিপত্য ধরে রাখতে এদের দলে টানছে। বড় দলের ছত্রচ্ছায়ায় চরমপন্থীরা আবার সংঘবদ্ধ হচ্ছে।
পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মাহাবুবুল আলম বললেন, ‘পুষ্পপাড়ার ঘটনা একটি সংকেত। এখন যদি সবাই সতর্ক না হয়, বড় দলগুলো যদি চরমপন্থীদের প্রশ্রয় দেয়, তাহলে আবার আগের অবস্থা ফিরে আসবে।’ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা সম্পাদক শহিদুর রহমানেরও তাই মত। তিনি বলেন, ‘ওরা আগেও ছিল, এখনো আছে। ইদানীং নিষ্ক্রিয় বলে মনে হয়েছিল চরমপন্থীরা বোধ হয় নেই। সেই ভুল ভাঙল। এখন ক্ষমতাসীন দল ও প্রশাসন তাদের প্রশ্রয় দিচ্ছে।’
অভিযোগের ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক প্রথম আলোকে বলেন, ‘ইদানীং চরমপন্থীদের সক্রিয় দেখা যাচ্ছে। আমরা এদের মোটেই প্রশ্রয় দিচ্ছি না। অনেক লোক আমাদের দলে যোগ দিচ্ছেন। তাদের মধ্যে ওদের দু-একজন থাকলেও থাকতে পারে। তবে বলছি না যে আছে। যদি দেখা যায় তেমন কেউ দলে ঢুকে পড়েছে, তাকে অবশ্যই আইনের হাতে তুলে দেওয়া হবে।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানও চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন৷
চরমপন্থীদের দলে নেওয়া নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে পারস্পরিক চাপান-উতোর। জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক আবিদ হাসান বলেন, ‘আদর্শিক কারণেই এসব লোকদের আমাদের দলে নেওয়ার প্রশ্ন নেই। সবাই আমাদের কাঁধে দোষ চাপাচ্ছে। আসলে প্রশাসনের ব্যর্থতায় এরা আবার সংগঠিত হচ্ছে।’
চরমপন্থীদের তৎপরতা ছাড়াও জেলায় খুন, গুম, ধর্ষণ, সংখ্যালঘুদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক সহিংসতার ঘটনা ইদানীং আবার বেড়েছে। স্থানীয় পত্রপত্রিকায় প্রকাশিত পরিসংখ্যান থেকে দেখা গেছে, গত বছর নানা ঘটনায় জেলার নয়টি উপজেলায় ৮৯ জন মানুষ প্রাণ হারান।
এ বছরে (গত ৫ জুন পর্যন্ত) খুন হয়েছেন ৩২ জন। দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জানুয়ারি মাসটি ছিল সংঘাতময়। খুনের ঘটনা ঘটে সাতটি। এর মধ্যে রূপপুর ইউনিয়নে ২৭ জানুয়ারি বিএনপি নেতা মানিক হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। ঈশ্বরদীতে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শহরের এক আওয়ামী লীগ নেতার দোকানে হামলা করে হত্যা করা হয় দোকান কর্মচারী জাহাঙ্গীর হোসেনকে।
ফেব্রুয়ারিতেও খুন হন সাতজন। এর মধ্যে রাজনৈতিক ও সন্ত্রাসী হামলার শিকার হয়ে প্রাণ হারান চারজন। মার্চে খুন হয় ছয়জন। তবে সবচেয়ে আলোচিত ছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক মুশফিকুর রহমানের ওপর ৫ মার্চের হামলা। জামায়াতের কর্মীরা তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন। এর দুই দিন পরে আটঘরিয়া উপজেলার বাউইখোলা গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদ উল্লাকে অপহরণের পর খুন করে তাঁর মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
তুলনামূলকভাবে এপ্রিল কম সংঘাতপূর্ণ৷ খুনের ঘটনা মাত্র তিনটি। তবে এ মাসে হামলা হয়েছে সংখ্যালঘুদের ওপর। ফরিদপুর উপজেলায় সংখ্যালঘুদের ১৫টি বাড়িতে হামলা করা হয়।
মে মাসে খুনের ঘটনা বেড়ে দাঁড়ায় আটজনে। এসব খুনের মধ্যে বেড়ায় ফরিদুজ্জামান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। সাঁথিয়ায় ২১ মে কুপিয়ে খুন করা হয় চরমপন্থী বলে পরিচিত চাঁদ আলীকে। তবে গত ৩১ মে চার আওয়ামী লীগ কর্মীর খুনের ঘটনা ছিল সবচেয়ে আলোচিত। ৫ জুন চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন পরিষদের সদস্য ও শ্রমিক দলের নেতা ফারুক হোসেন নিজ ঘরে খুন হন৷
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ বলেন, ‘হত্যাকাণ্ডের অনেক রকম ধরন আছে। অনেক হত্যাকাণ্ড পারিবারিক বিরোধ নিয়ে ঘটেছে। আইনশৃঙ্খলার খুব অবনতি হয়েছে, তা নয়। অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’