পাঁচ মাসে ২৮৩ কিমি সড়ক ক্ষতিগ্রস্ত

বন্যানিয়ন্ত্রণ বাঁধ অরক্ষিত থাকায় অস্বাভাবিক জোয়ার ও জলোচ্ছ্বাসের পানির তোড়ে গত পাঁচ মাসে ভোলার সাতটি উপজেলার ১০১টি সড়কের ২৮৩ কিলোমিটার সড়ক এবং এক হাজার ১৫৩টি সেতু-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দাবি, এগুলো সংস্কার করতে প্রায় ৭৮ কোটি টাকা দরকার।
এলজিইডি ও সওজ বিভাগের প্রকৌশলীদের দাবি, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধ অরক্ষিত রাখায় এ ক্ষতি হয়েছে। তবে তারা সড়ক ও সেতু-কালভার্ট সংস্কার করার জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছেন।
গত এক সপ্তাহে সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার টবগী স্কুল-তুলাতুলি, ইলিশা কবিরাজবাড়ী-বাপ্তা নাজিউর রহমান সড়ক, পরানগঞ্জ-কাচিয়া পরিষদ, কাচিয়া পরিষদ-খরকি ও মাদ্রাসারহাট-পূর্ব ইলিশা পরিষদ সড়ক, তজুমদ্দিন উপজেলার গুরিন্দা বাজার-সম্ভুপুর ইউনিয়ন ও ফুলকুড়ি-শিবপুর খাসেরহাট সড়ক, বোরহানউদ্দিন উপজেলার দৌলতখান-উদয়পুর সড়কসহ অন্তত ৫০টি সড়কে বড় বড় গর্ত হয়ে গেছে। ওই সব সড়কে যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাও কষ্টসাধ্য। আটটি বড় সেতু এবং বেশ কিছু ছোট কালভার্ট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলজিইডির ভোলা জেলা কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আবদুস সালাম জানান, সদর উপজেলার চারটি ইউনিয়নের ১৯টি সড়কের ৪৫ কিলোমিটার সড়ক ও ৫৩টি সেতু-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সংস্কার করতে ১৫ কোটি টাকা দরকার। তজুমদ্দিন উপজেলার পাঁচটি সড়কের ১৭ কিলোমিটার সড়ক ও পাঁচটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামত করতে এক কোটি ৭৫ লাখ টাকা প্রয়োজন।
আবদুস সালাম আরও জানান, বোরহানউদ্দিন উপজেলার ক্ষতিগ্রস্ত ২৯টি সড়কের ১৩৫ কিলোমিটার সড়ক এবং এক হাজার ৫০টি সেতু-কালভার্ট মেরামত করতে প্রায় ৩৫ কোটি টাকা, চরফ্যাশনের ক্ষতিগ্রস্ত পাঁচটি সড়কের পাঁচ কিলোমিটার ও পাঁচটি কালভার্ট সংস্কারে ৬৫ লাখ টাকা দরকার। দৌলতখানের ক্ষতিগ্রস্ত আটটি সড়কের ১৫ কিলোমিটার ও ১৩টি কালভার্ট সংস্কার করতে তিন কোটি ৭৫ লাখ টাকা, লালমোহনের ১২টি সড়কের ৩০ কিলোমিটার ও ৩২টি কালভার্ট মেরামত করতে ছয় কোটি ৮৫ লাখ টাকা এবং মনপুরার ছয়টি সড়কের ১১ কিলোমিটার সড়ক মেরামত করতে চার কোটি ৩০ লাখ টাকা লাগবে।
সওজ বিভাগের প্রকৌশলী সুশীল চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, পাউবোর অলসতার কারণে বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা অংশ ও ভোলা-আইচা আন্তমহাসড়কসহ সওজের আওতাধীন অন্য ১০টি সড়কের মোট ৩০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সংস্কারের জন্য ১০ কোটি টাকার বেশি দরকার।
পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাসির উদ্দিন বলেন, মন্ত্রণালয় সময়মতো টাকা ছাড় না দেওয়ায় পাউবো ভাঙন প্রতিরোধে ব্লক ফেলতে এবং বন্যানিয়ন্ত্রণ করার জন্য বাঁধ নির্মাণ করতে পারেনি।