পাঁচ মাসে ৩০২ দুর্ঘটনা, সাড়ে ১০ কোটি টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ১২টি অগ্নিনির্বাপনকেন্দ্রের (ফায়ারস্টেশন) মধ্যে আগ্রাবাদ ছাড়া বাকি ১১টিতে কোনো নিজস্ব উদ্ধারযান (র‌্যাকার ভ্যান) নেই। ফলে দ্রুততম সময়ে উদ্ধারকাজ চালানো সম্ভব হয় না। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। গত পাঁচ মাসে ৩০২টি দুর্ঘটনায় প্রায় সাড়ে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। জানা যায়, অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত যানবাহন, স্থাপনা ইত্যাদি সরিয়ে নেওয়ার জন্য এসব অগ্নিনির্বাপনকেন্দ্রের নিজস্ব কোনো উদ্ধারযান না থাকায় পুলিশ বিভাগের উদ্ধারযান আসার ওপর নির্ভর করতে হয়। সেই উদ্ধারযান না আসা পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। ফলে বেশির ভাগ ক্ষেত্রেই সময়ের অপচয় হয়। আর এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। কোনো কোনো ক্ষেত্রে এর ফলে তীব্র যানজটেরও সৃষ্টি হয়ে থাকে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচ মাসে অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনা মিলে ৩০২টি দুর্ঘটনা ঘটে। এতে ২১ জন লোক মারা যায়। আর মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১০ কোটি চার লাখ ৫০ হাজার টাকা। গত জানুয়ারি মাসে ৫১টি দুর্ঘটনায় ক্ষতি হয়েছে দুই কোটি ৬২ হাজার টাকা। এ সময়ে পাঁচজন অগ্নিকাণ্ড ও পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহত হন। ফেব্রুয়ারি মাসে ৯৪টি দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তিন কোটি ১১ লাখ ১৮ হাজার টাকা। এ সময়ে অগ্নিকাণ্ডে দুজন ও সড়ক দুর্ঘটনায় চারজন মারা যান। মার্চ মাসে ৬১টি দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে এক কোটি ৭২ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। এ সময়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এপ্রিল মাসে ৫৪টি দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ এক কোটি ৪৪ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা বলে জানা গেছে। এ সময়ে একজন অগ্নিকাণ্ডে নিহত হন। এ ছাড়া ছয়টি সড়ক দুর্ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি। মে মাসে ৪২টি দুর্ঘটনায় এক কোটি ৭৫ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতি হয়। এ সময়ে ১২টি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হন। অগ্নিকাণ্ডে হতাহত নেই। সূত্রমতে, চট্টগ্রাম নগরে আটটি অগ্নিনির্বাপনকেন্দ্র (ফায়ারস্টেশন) রয়েছে। এগুলো হলো: ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল), বন্দর, আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা, চাক্তাই লামারবাজার, কালুরঘাট ও বায়েজিদ। এ ছাড়া নগরের বাইরে রয়েছে সাতকানিয়া, পটিয়া, ফটিকছড়ি ও সীতাকুণ্ড অগ্নিনির্বাপনকেন্দ্র। এসব অগ্নিনির্বাপনকেন্দ্রের মধ্যে শুধু আগ্রাবাদেই একটি উদ্ধারযান (র‌্যাকার ভ্যান) আছে। দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে উদ্ধারযানের প্রয়োজনীয়তার কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও মিডিয়া সেলের সভাপতি মো. জসীম উদ্দীন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিটি অগ্নিনির্বাপনকেন্দ্রে উদ্ধারযান সরবরাহের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ তিনি সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘আমাদের সচেতনতামূলক কার্যক্রমের আওতায় চট্টগ্রামে তিন হাজার ৫৩৫ জন স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দিয়েছি। এরা ভূমিকম্প, সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ডের সময়ে অগ্নিনির্বাপনকর্মীদের সঙ্গে কাজ করবেন। এতে এসব দুর্ঘটনায় জানমাল রক্ষা ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে।’