চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি থেকে মে) ৪০ হাজার ৩৮৭ জন নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। গতকাল বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
টেবিলে উত্থাপিত নুরজাহান বেগমের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, ২০১৪ সালে ৭৬ হাজার ৭ জন নারী কর্মী বিদেশে যান। ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৯২ হাজার ৬৫৬ জন নারী কর্মী বিদেশে গেছেন।
নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আর্থিক ক্ষমতা বাড়ানোর জন্য আইন সংশোধন করা হয়েছে। এর মূলধন ২০০ কোটি টাকা বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
আনোয়ার আজিমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের চাহিদা অনুযায়ী চিনির উৎপাদন কম। নিষেধাজ্ঞা আরোপ করা হলে দেশে চিনির সংকট দেখা দিতে পারে। তাই চিনি আমদানি বন্ধ করা হবে না।
মামুনুর রশীদের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ বঙ্গোপসাগরে সুনামির আশঙ্কা আছে বলে ভূতত্ত্ববিদেরা মনে করেন।
জাতীয় পার্টির এম এ হান্নানের প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, প্রতি বছর দেশে ৩০০ থেকে সাড়ে ৩০০ ব্যক্তি বজ্রপাতে মৃত্যুবরণ করেন। বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে তাৎক্ষণিক সর্বোচ্চ ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।