পাঁচ মাসে ৭১১ কেজি সোনা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চলতি অর্থবছরের মে পর্যন্ত চোরাই পথে আসা ৭১১ কেজি সোনা আটক করা হয়েছে। গত অর্থবছরে বিভিন্ন বিমানবন্দর থেকে আটক করা চোরাচালানের স্বর্ণের পরিমাণ ৩৮ দশমিক ৪৮ কেজি।

আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সাংসদ মো. আবদুল ওয়াদুদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। খবর বাসসের। স্বতন্ত্র সদস্য হাজি মো. সেলিমের অপর এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, গত পাঁচ বছরে চার হাজার ৯৫১ মিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ প্রায় ৩৮ হাজার ৬১৮ কোটি টাকার বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।
মন্ত্রী বলেন, এর মধ্যে তিন হাজার ৯৭১ মিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ ৩০ হাজার ৯৭৪ কোটি টাকা আসল ও ৯৮০ মিলিয়ন ডলার সমপরিমাণ প্রায় সাত হাজার ৬৪৪ কোটি টাকা সুদ রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ২০০৪-০৫ অর্থবছর থেকে ২০০৮-০৯ অর্থবছরে বৈদেশিক ঋণ বাবদ পরিশোধের পরিমাণ ছিল তিন হাজার ৬৮১ মিলিয়ন ইউএস ডলার (২৮ হাজার ৭১২ কোটি টাকা)। এর মধ্যে ২৭৫৬ দশমিক ১০ মিলিয়ন ডলার (প্রায় ২১ হাজার ৪৯৮ কোটি টাকা) আসল এবং ৯২৪ দশমিক ৯০ মিলিয়ন ডলার (প্রায় সাত হাজার ২১৪ কোটি টাকা) সুদ রয়েছে।

আবুল মাল আবদুল মুহিত বলেন, গত পাঁচ অর্থবছরে এর আগের পাঁচ অর্থবছরের তুলনায় বৈদেশিক ঋণ বাবদ এক হাজার ২৭০ মিলিয়ন মার্কিন ডলার বেশি পরিশোধ করা হয়েছে।

সরকারি দলের ছবি বিশ্বাসের অপর এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, চলতি অর্থবছরের মে পর্যন্ত ব্যক্তি পর্যায়ে নয় লাখ ৭৮ হাজার ৬২৭ জন করদাতা আয়কর পরিশোধ করে আয়কর রিটার্ন দাখিল করেছেন।