
বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনে আওয়ামী লীগের প্রার্থী শওকত হাচানুর রহমানের গত সাড়ে পাঁচ বছরে আয় বেড়েছে প্রায় ৩০ গুণ। এর মধ্যে গত পাঁচ মাসে তাঁর আয় বেড়েছে প্রায় ১১ গুণ। হাচানুর রহমান গত ৬ অক্টোবরের উপনির্বাচনে সাংসদ নির্বাচিত হন।
হাচানুর রহমান ২০০৯ সালের শুরুর দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সে সময় তিনি নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় বার্ষিক আয় দেখান ১০ লাখ টাকা। চলতি বছরের জুন মাসে দাখিল করা আয়কর বিবরণী অনুযায়ী তাঁর আয় বেড়ে এক কোটি ৯৬ লাখ ৮৩ হাজার টাকায় দাঁড়িয়েছে। এ হিসাবে পাঁচ বছরে তাঁর আয় বেড়েছে প্রায় ১৯ গুণ। ২ ডিসেম্বর পর্যন্ত তা আরও বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন কোটি চার লাখ টাকা। এ হিসাবে গত পাঁচ মাসে তাঁর আয় বেড়েছে আরও ১১ গুণের মতো।
হাচানুর রহমান ২০০৯ সালে নির্বাচন কমিশনে আয়কর বিবরণী (২০০৮ সালের ৩০ জুন) জমা দেন। এতে উল্লেখ রয়েছে, তাঁর ওই সময়ের মোট সম্পদের আর্থিক মূল্য দুই কোটি ৪২ লাখ ৩০ হাজার ৩৬০ টাকা (দেনা বাদে)। ওই বছর তাঁর সম্পদের পরিবৃদ্ধি ছিল ৮২ লাখ ৪৬ হাজার টাকা। ব্যবসার মূলধন দেখানো হয় এক কোটি ৯৯ লাখ টাকা। এ ছাড়া তিনি নিজ নামে ২২ লাখ ৫০ হাজার (২০ লাখ টাকার বিনিয়োগসহ) নগদ অর্থ থাকার কথা উল্লেখ করেন। ব্যবসা থেকে আয় দেখান ১০ লাখ চার হাজার টাকা। গত অক্টোবরের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে হাচানুর যে সম্পদ বিবরণী দেন, তাতে নিজের মোট সম্পদের আর্থিক মূল্যের পরিমাণ দেখান ছয় কোটি ৩৩ লাখ টাকা। আর সম্পদের মোট পরিবৃদ্ধি দেখানো হয় এক কোটি ৯৯ লাখ টাকা।
উপনির্বাচনের জন্য দেওয়া হলফনামায় হাচানুর রহমান তাঁর আয়ের উৎস হিসেবে ঠিকাদারি ও টেলিকম ব্যবসা এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে সম্মানীর কথা উল্লেখ করেছেন। তিনি হলফনামায় নগদ দুই কোটি ৮৯ লাখ টাকা এবং ব্যবসার পুঁজি হিসেবে ছয় কোটি ১০ লাখ ৩৮ হাজার টাকার কথা উল্লেখ করেন। তাঁর অস্থাবর সম্পদের মধ্যে একটি মিনিবাস, এক ব্যক্তির কাছে বিনিয়োগ করা অর্থসহ বেশ কয়েকটি খাতের উল্লেখ করেছেন। স্থাবর সম্পদের মধ্যে তাঁর নিজের ও স্ত্রীর নামে কেনা ঢাকায় সাড়ে তিন শতক জমি, বরিশাল ও পাথরঘাটায় কেনা কৃষিজমি, বরগুনা বিভিন্ন স্থানে ও বরিশালের আগরপুর রোডে পৈতৃক সূত্রে পাওয়া চারতলা বাড়ি ও কৃষিজমির কথা উল্লেখ করা হয়েছে।
২ ডিসেম্বর নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী পাঁচ মাসে হাচানুরের সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়ে আট কোটি ৫৩ লাখ টাকা হয়েছে। হলফনামায় গত এক বছরে তিনি সম্পদের পরিবৃদ্ধি দেখান তিন কোটি ৬৬ টাকা, যা আগের বছরের তুলনায় এক কোটি ৬৬ লাখ টাকা বেশি। এ ছাড়া গত পাঁচ মাসে তাঁর সম্পদ বেড়েছে দুই কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে তিনি তিন কোটি চার লাখ টাকা প্রদর্শিত আয় এবং দুই লাখ ৪০ হাজার টাকা করমুক্ত আয় দেখান।
জানতে চাইলে সাংসদ হাচানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান হওয়ায় আমার ঠিকাদারি লাইসেন্সের অনুকূলে তেমন কাজ ছিল না। এখন অনেকে আমার লাইসেন্সে কাজ করছে বলে আয় বেড়েছে।’ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী, কোনো জনপ্রতিনিধি সরকারের সঙ্গে কোনো ধরনের ব্যবসা করতে পারেন না—এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘শুধু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে করা যায় না, এ জন্য আমি এলজিইডিতে কাজ করিনি। কিন্তু অন্য বিভাগে তা করা যায়।’