
নদী পারাপারে কিন ব্রিজ, তীরে আলী আমজদের ঘড়ি। সিলেট নগরের ঐতিহ্যের এই দুই স্থাপনা রং-বেরঙের আলোকসজ্জায় দর্শনার্থীদের কাছে উপভোগ্য করে তুলেছিল সিটি করপোরেশন। সেটি ছিল চলতি বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহের ঘটনা। পাঁচ মাস যেতে না-যেতেই সেই সৌন্দর্য উধাও। আলোকসজ্জার বদলে শুধু ঘুটঘুটে অন্ধকার।
যে সুরমার পানিতে জ্বলজ্বল করত ঐতিহ্যের কিন ব্রিজ, সেই সুরমার পানি এখন আঁধারে কালো। আলোকঝলমল আলী আমজদের ঘড়ির সৌন্দর্য অবশ্য সেভাবে উধাও হয়নি।
স্থানীয় লোকজন জানান, বাহারি আলোকসজ্জার মায়াবী সৌন্দর্যের টানে প্রতিদিন সন্ধ্যার পর সুরমা নদীর তীরে নগরবাসী ছুটে আসতেন। কিন্তু এখন বিমুখ হচ্ছেন সৌন্দর্যপিপাসু মানুষ। কারণ, আলোকসজ্জার জন্য স্থাপিত বাতিগুলোর অধিকাংশ চুরি হয়ে গেছে, ম্লান হয়ে পড়েছে রাতের সৌন্দর্য।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের আর্থিক পৃষ্ঠপোষকতায় কিন ব্রিজ ও আলী আমজদের ঘড়িকে লাল-নীল-সাদা আলোয় সজ্জিত করা হয়েছিল। সন্ধ্যার পর কিন ব্রিজের নিচে আলোর পরশে আড্ডায় মেতে উঠতেন নগরবাসী। এভাবে অল্প দিনের মধ্যেই স্থানটি তাঁদের কাছে প্রধান আড্ডাস্থলে পরিণত হয়।

গত বুধবার রাতে সরেজমিনে দেখা গেছে, কিন ব্রিজে লাগানো অধিকাংশ বাতি তারসহ চুরি হয়ে গেছে। এখানে-সেখানে ঝুলছে লম্বা তার। কিছু জায়গায় বাতি থাকলেও সেগুলো বিনষ্ট হয়ে যাওয়ায় আলো দিচ্ছে না। এতে করে ঘুটঘুটে অন্ধকার তৈরি হয়েছে। আলী আমজদের ঘড়ির কিছু বাতি বিনষ্ট হয়ে গেলেও সেটির অবস্থা এতটা করুণ নয়।
কিন ব্রিজের নিচে আড্ডারত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারেক উদ্দিন বলেন, কিন ব্রিজ এলাকাটি আগে মাদকসেবী ও ছিনতাইকারীদের অভয়ারণ্য ছিল। সেই স্থানটি আলোকসজ্জিত করে নগরবাসীর অন্যতম বিনোদনস্পটে রূপান্তর করেছে সিটি করপোরেশন। কিন্তু বাতিগুলো নষ্ট হয়ে যাওয়ায় সেই সৌন্দর্য কমতে শুরু করেছে।
সিলেট নিয়ে একাধিক ইতিহাস বই থেকে জানা গেছে, জমিদার আলী আমজদ খান ১৮৭৪ সালে ওই ঘড়িঘর নির্মাণ করেন। লোহার খুঁটির ওপর ঢেউটিনের প্রাচীন নির্মাণশৈলীর প্রায় ৩০ ফুট উঁচু স্থাপনার মধ্যে স্থাপন করা হয় ঘড়ি। তখন থেকে এটি আলী আমজদের ঘড়ি নামে পরিচিতি পায়।
অন্যদিকে ব্রিটিশ আমলে সুরমা নদীর ওপর নির্মিত প্রথম সেতু হচ্ছে কিন ব্রিজ। ১৯৩৬ সালে নির্মিত এক হাজার ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের সেতু পুরোটাই লোহার। তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিন সেতুর উদ্বোধন করেন। সেই থেকেই সেতুর নাম কিন ব্রিজ।
সিলেটের নাট্য ও সংস্কৃতি সংগঠক মু. আনোয়ার হোসেন বলেন, ‘প্রায় দিনই নির্মল আনন্দ উপভোগের জন্য কিন ব্রিজ এলাকায় ছুটে আসি। চটপটি, ফুচকা, চা খেতে খেতে শিল্প-সাহিত্য নিয়ে নানা আড্ডা চলে। নগরের একমাত্র বিনোদনকেন্দ্র হিসেবে এরই মধ্যে কিন ব্রিজ এলাকাটি জনপ্রিয়তা পেয়েছে। তাই এটির সৌন্দর্য টিকেয়ে রাখতে কর্তৃপক্ষের জরুরিভাবে পুনঃসংস্কারকাজ শুরু করা দরকার।’
জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, গ্রামীণ ফোন ও সিটি করপোরেশনের মধ্যে সেতু ও ঘড়িঘরটির আলোকসজ্জাকাজের রক্ষণাবেক্ষণের জন্য একটি দ্বিপক্ষীয় চুক্তি হওয়ার কথা ছিল। নানা কারণে সেটি হয়ে ওঠেনি। তবে শিগগিরই এ চুক্তিটি বাস্তবায়ন করে আবার সংস্কারকাজ করা হবে। পাশাপাশি আলোকসজ্জার দিকটি নিয়মিত তদারক করা হবে।