পাঁচ মাসেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইব্রাহিম হোসেন, কামাল হোসেন ও তৈয়ব আলী
ইব্রাহিম হোসেন, কামাল হোসেন ও তৈয়ব আলী

র‌্যাব পরিচয়ে সবার সামনে মারতে মারতে ধরে নিয়ে যাওয়ার পাঁচ মাস পরও নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুরুমশৈল ও মহিষভাঙ্গা গ্রামের তিন যুবকের সন্ধান পায়নি তাঁদের পরিবার।
এ ব্যাপারে ঘটনার পরের দিন বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অথচ পুলিশ এখনো তদন্তই শুরু করেনি।
বড়াইগ্রাম থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৯ মে সন্ধ্যার পর তিনটি মাইক্রোবাস মহিষভাঙ্গা গ্রামে নাটোর-ঢাকা মহাসড়কের পাশে এসে থামে। মাইক্রোবাস থেকে অস্ত্রধারী ১৩-১৪ জন লোক নেমে রাস্তার পাশের কোরমান আলীর দোকানে আসেন। তাঁরা দোকান থেকে পান-সিগারেট কেনেন। এরপর তাঁরা পাশের মুঠোফোন টাওয়ারে যান। সেখানে প্রহরী সুমন আলীর খোঁজ করেন। তাঁকে না পেয়ে কর্তব্যরত নৈশপ্রহরী সবুজ আলীকে চড়-থাপড় মারেন।
এরপর তাঁরা রাস্তা থেকে গুরুমশৈল গ্রামের রুহুল আমীন তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদারকে (৩৫) আটক করেন। রাইফেলের বাঁট দিয়ে মারতে মারতে তাঁকে প্রহরী সুমন আলীর বাড়িতে নিয়ে যান। সেখানে সুমনকে না পেয়ে তাঁর বাবা লস্কর প্রামাণিককে বাঁশের লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। স্ত্রী-সন্তানদের সামনে নির্মমভাবে মারপিটের একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। লস্কর প্রামাণিক একজন হূদেরাগী—এ কথা জানার পর তাঁরা মারধর বন্ধ করে ইব্রাহিমকে নিয়ে গ্রামের কামাল হোসেনের বাড়ির দিকে যান। শাহজাহানের ছেলে কামাল হোসেনকে (৩২) রাস্তা থেকে ধরে নিয়ে তাঁদের গাড়িতে তোলেন। পরে তাঁরা মহিষভাঙ্গা গ্রামের আবু বক্করের বাড়িতে গিয়ে তাঁর ছেলে তৈয়ব আলীকে (২৫) ধরে নিয়ে যান।
্রামবাসী তাৎক্ষণিকভাবে ঘটনাটি বনপাড়া পৌরসভার মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কে এম জাকির হোসেনকে মুঠোফোনে জানান। তবে ওই রাতে তিনি বা পুলিশ কেউই ঘটনাস্থলে যাননি। পরের দিন ইব্রাহিমের ভাই লোকমান তালুকদার এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি জিডি (নম্বর-৬৬৬, তাং ২০/০৫/২০১৩) করেন। তবে এখন পর্যন্ত পুলিশ ওই ঘটনা তদন্তে গ্রামে আসেনি বলে এলাকার লোকজন জানিয়েছেন। অপহূত তিন যুবকের পরিবারের সদস্যরা পাঁচ মাস ধরে র‌্যাব পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী ও বাগমারা কার্যালয়ে বারবার ধরনা দিয়েও তাঁদের কোনো হদিস পাননি। থানা-পুলিশও এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী মুদি দোকানদার কোরমান আলী বলেন, ‘উনাদের কারও কারও পরনে র‌্যাবের পোশাক ছিল। কেউ কেউ সাধারণ পোশাকে ছিলেন। তবে সবার কাছে অস্ত্র ছিল। উনারা আমার দোকানে পান-সিগারেট খাইছে। এরপর তিন লোককে ধরি লিয়া গ্যালো। তারা ক্যান ওদের ধরি লিয়া গ্যালো তা আজও বুঝতে পারছি না। কারণ, তারা তো এলাকার ভালো লোক ছিল।’
নির্যাতনের শিকার লস্কর প্রমাণিকের বোন জুলেখা বেগম বলেন, ‘ভাইকে মারতে নিষেধ করার কারণে ওরা আমাকেও রাইফেল দিয়া তিনডা বাড়ি মারে। পরে অসুখের কথা শুনে মারা বন্ধ করে।’
ইব্রাহিমের বাবা রুহুল আমীন বলেন, ‘আমার ছ্যালি রডমিস্ত্রির কাজ করত। কোনো দিন কোনো খারাপ কাজে দেখিনি।’
অপহূত তৈয়ব আলীর স্ত্রী ঝর্ণা বেগম বলেন, ‘র‌্যাব ও পুলিশের কাছে কি তিনটি জীবনের কোনো মূল্য নাই?’ তৈয়ব আলী ভটভটি চালাতেন বলে তাঁর স্ত্রী জানিয়েছেন।
কামাল হোসেনের বাবা শাহাজাহান বলেন, ‘মাত্র এক বছর হলো ছ্যালিডার বিয়া হইছে। গত ঈদের দিন একটা বাচ্চাও হয়েছে। এখন ওদের লিয়া কীভাবে চলব, ভাবি পাচ্ছি না।’ কামাল হোসেন কৃষিশ্রমিক বলে জানা গেছে। মহিষভাঙ্গা গ্রামের বাসিন্দা ও বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন বলেন, ‘ঘটনার দিন বিষয়টি আমি থানার ওসি সাহেবকে জানিয়েছিলাম। ধরে নিয়ে যাওয়া তিনজন লোক সবাই গ্রামের সহজ-সরল মানুষ।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, ‘ঘটনার পর তদন্ত শুরু করা হয়নি। গ্রামের লোকজন মাঝেমধ্যে খোঁজখবর নিতে আসেন। আমরা র‌্যাব অফিসে খোঁজ নিতে বলেছি।’
র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি ওই ঘটনার ব্যাপারে কিছুই জানি না।’