পাঁচ মাসেও খোঁজ মেলেনি কিশোরীর
রংপুরের তারাগঞ্জ উপজেলার এক কিশোরীকে (১৬) মামলা দায়েরের পাঁচ মাসেও পুলিশ উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে পুলিশের নিষ্ক্রিয়তায় উদ্বিগ্ন হয়ে পড়েছে মেয়েটির পরিবার।
মেয়েটির মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর মেয়েকে প্রতিবেশী হরেশ চন্দ্র (৪৮) নাটোরে এক বাসায় গৃহপরিচারিকার কাজ পাইয়ে দেওয়ার কথা বলেন। এ জন্য প্রতি মাসে তাঁদের চার হাজার টাকা দেওয়ার চুক্তি হয়। ২০১৩ সালের ২০ নভেম্বর মেয়েটিকে হরেশ নাটোরে নিয়ে যান।
তবে মেয়েটির মা নাটোরের সেই বাড়ির ঠিকানা জানেন না। বাড়ি থেকে চলে যাওয়ার পর মেয়ের সঙ্গে আর একবারও কথা হয়নি মায়ের। মেয়ের কথা জিজ্ঞেস করলে হরেশ তাঁকে জানাতেন, মেয়ে ভালো আছে।
মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, প্রথম আট মাস হরেশ মেয়েটির মাকে চার হাজার করে টাকা দিয়েছেন। এরপর টাকা দেওয়া বন্ধ করে দেন। এতে সন্দেহ হলে মেয়েকে ফেরত চান তিনি। দীর্ঘদিনেও মেয়েকে ফিরে না পাওয়ায় চলতি বছরের ২ জানুয়ারি তিনি বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় হরেশ চন্দ্রসহ চারজনকে আসামি করা হয়।
কিন্তু পুলিশ গতকাল পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করতে পারেনি। একজন আসামিও ধরা পড়েনি।
মেয়ের মা অভিযোগ করেন, অভাবের কারণে মেয়েকে লেখাপড়া শেখাতে পারেননি। কাজ দেওয়ার কথা বলে হরেশ তাঁর মেয়েকে নিয়ে ভারতে পাচার করেছেন। মামলা করলেও হরেশ চন্দ্রকে পুলিশ ধরছে না। মেয়েকে উদ্ধারের কোনো ব্যবস্থাও নিচ্ছে না।
গতকাল সোমবার হরেশ চন্দ্রের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। হরেশ চন্দ্রের মেয়ে (১৪) বলে, মামলা করার পর থেকে তার বাবা বাড়িতে আসছেন না।
মামলা তদন্ত কর্মকর্তা ও থানার পরিদর্শক নূরুল ইসলাম বলেন, ওই কিশোরীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। হরেশ চন্দ্র এলাকায় না থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।