পাঁচ মাসেও গঠন করা হয়নি কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের নতুন সহ-ব্যবস্থাপনা কমিটি। এ কমিটি না থাকায় উদ্যানে অব্যবস্থাপনা প্রকট হয়ে উঠেছে।ইউএসএআইডির অর্থায়নে সমন্বিত সংরক্ষিত বন সহ-ব্যবস্থাপনা (আইপ্যাক) সহায়তা প্রকল্পের অধীন অন্যান্য জাতীয় উদ্যানের মতো লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিচালিত হয় দুই বছর মেয়াদি একটি সহ-ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে। এ কমিটি জাতীয় উদ্যানের পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা, উন্নয়ন, উদ্যানের ভেতরে বসবাসরত বনবাসীদের উন্নয়ন ও পর্যটকদের দেখাশোনার সার্বিক দায়িত্ব পালন করে।লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা ঘুরে দেখা গেছে, পর্যটকদের নিয়ন্ত্রিতভাবে ঘোরাফেরা করার বিধিনিষেধ থাকলেও এ দিকটি দেখার মতো কেউ নেই। যদিও পর্যটকদের প্রবেশ ফি ও তাঁদের ব্যবহূত গাড়ির পার্কিং ফি আদায় করা হচ্ছে ঠিকই।আগের সহ-ব্যবস্থাপনা কমিটির প্রভাবশালী সদস্য ও নিয়মিত পাহারাদারদের বিরুদ্ধে উদ্যানের মূল্যবান গাছ উজাড়ে সহায়তাসহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ নিয়ে বেশ কয়েকটি জাতীয় দৈনিকে প্রতিবেদনও ছাপা হয়েছে। ওই কমিটির মেয়াদ ২০০৯ সালের ডিসেম্বরে উত্তীর্ণ হয়। এরপর এখন পর্যন্ত নতুন সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়নি।সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৫৫ সদস্যবিশিষ্ট একটি কাউন্সিলর কমিটি রয়েছে। এ ছাড়া কয়েকটি উপকমিটি আছে। পর্যায়ক্রমে এগুলো গঠন করে শিগগিরই সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে। নতুন কমিটি গঠন না করা পর্যন্ত আগের কমিটিই উদ্যান দেখাশোনা করবে। নতুন কমিটি গঠনে এত বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।কাউন্সিলর কমিটির সভাপতি ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী জানান, যত শিগগির সম্ভব সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে। বিগত সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুর রহমান জানান, নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তিনি এখনো সভাপতির দায়িত্ব পালন করছেন। সহ-ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে গাছ উজাড়সহ অন্যান্য অনিয়মের অভিযোগ তিনি স্বীকার করেন। তবে এ ব্যাপারে বিস্তারিত বলতে তিনি রাজি হননি।