লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রটি গত পাঁচ মাসেও চালু হয়নি। এ কারণে ওই কেন্দ্রের শতাধিক খামারি পাঁচ মাস ধরে কেন্দ্রে দুধ সরবরাহ করতে পারছেন না। বাইরে কম দামে বিক্রি করতে হয় বলে তাঁরা এখন বিপদে পড়েছেন।
খামারি সূত্র জানায়, গত ৩ মার্চ মিল্ক ভিটার প্রধান কার্যালয় থেকে দুধ সংগ্রহ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। শীতলীকরণ কেন্দ্রে সংগ্রহ করা দুধে ভেজাল (মিষ্টির পরিমাণ বেশি) থাকায় খামারিদের কাছ থেকে ওই কেন্দ্রের কর্তৃপক্ষ দুধ নেওয়া বন্ধ করে দেয়। এ নিয়ে গত ১৯ মে ‘রায়পুরে মিল্ক ভিটার দুধ সংগ্রহ বন্ধ আড়াই মাস’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরও কর্তৃপক্ষ কেন্দ্র চালুর উদ্যোগ নেয়নি।
তবে কয়েকজন খামারি জানান, শীতলীকরণ কেন্দ্রটি বন্ধ করে দিতে একটি চক্র রাজনীতি করছে। খামারিদের সরবরাহ করা দুধে বেশি মিষ্টি বা ভেজাল ছিল না।
খামারমালিক মো. মফিজ জানান, পাঁচ মাস ধরে খামারিরা দুধ নিয়ে বেকায়দায় আছেন। বাজারে দুধের দাম কমে গেছে। এখন প্রতি লিটার দুধ ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। এতে পাঁচ মাস ধরে সবাই লোকসানে আছেন।
মিল্ক ভিটার রায়পুর কার্যালয় সূত্রে জানা গেছে, খামারিদের কাছ থেকে দুধ কিনে রায়পুরের মিতালী বাজারের কারখানায় শীতলীকরণ (ঠান্ডা) দুধ মিল্ক ভিটার ঢাকার মিরপুরে প্রধান কারখানায় পাঠানো হয়। ২৫টি সমিতির শতাধিক খামারি এ কারখানায় দুধ দেন। প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার লিটার দুধ পাওয়া যাচ্ছে।
মিল্ক ভিটার রায়পুর কারখানার ব্যবস্থাপক আক্তার হোসেন বলেন, ‘শীতলীকরণ কেন্দ্রে সংগ্রহ করা দুধে ভেজাল থাকার অভিযোগে প্রধান কার্যালয় থেকে দুধ সংগ্রহ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ পেলে আবার দুধ সংগ্রহ শুরু করব।’