পাঁচ মাসেও চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রীর উদ্বোধনের দীর্ঘ পাঁচ মাসেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও বার্ন ইউনিটটি চালু হয়নি। চিকিৎসক ও লোকবলের অভাবে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ ও ১৬ শয্যার বার্ন ইউনিটটি চালু করা যাচ্ছে না।হাসপাতাল সূত্র জানায়, বার্ন ইউনিটে একজনও চিকিৎসক নেই। বর্তমানে এটি তালাবদ্ধ। এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে আইসিইউ ভবনের নির্মাণকাজ বিগত ২০০৭ সালে শুরু হয়ে ২০০৯-এ শেষ হয়। চলতি বছরের ৪ মে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক ভবনটির উদ্বোধন করেন। সেখানে কয়েক কোটি টাকা ব্যয়ে নানা চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, আইসিইউর জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ২৫ জন চিকিৎসক ইতিমধ্যে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তার পরও এর কার্যক্রম শুরু করা হয়নি। আর বার্ন ইউনিটে চিকিৎসক নেই। নেই কোনো লোকবলও। এর ফলে ভবনটি এখন তালা দিয়ে রাখা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিদ্দিকুর রহমান বলেন, ‘প্রতিদিনই রোগী আসছে। আমরা চিকিৎসা দিতে পারছি না। রোগীর স্বজনেরা নানা প্রশ্ন করলেও এর কোনো সঠিক জবাব নেই।’ এদিকে এ দুটি ইউনিটে চিকিৎসা কার্যক্রম চালু না হওয়ায় সর্বস্তরের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে সচেতন নাগরিক কমিটি (সনাক) একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে। কিন্তু কোনো কাজে আসেনি। সংগঠনটির আহ্বায়ক মলয় কিশোর ভট্টাচার্য বলেন, ‘এই দুটি বিভাগে লোকবল যদি না-ই থাকে, তা হলে কেনই বা এত তড়িঘড়ি করে মন্ত্রী চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করলেন? সেই সঙ্গে যন্ত্রপাতিগুলোও পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।’ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোস্তফা জানান, বার্ন ইউনিটে চিকিৎসকের পদ সৃষ্টি করার জন্য মন্ত্রণালয়ে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে। আর আইসিইউর জন্য এখানকার চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওই চিকিৎসকদের দিয়ে কবে নাগাদ আইসিইউর চিকিৎসা কার্যক্রম শুরু করা সম্ভব হবে তা তিনি জানাতে পারেননি।