গাইবান্ধার সুন্দরগঞ্জ-বেলকা সড়কের রামডাকুয়া সেতুটি পাঁচ মাসেও মেরামত করা হয়নি। ফলে উপজেলা শহরের সঙ্গে তিনটি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। শহরে যেতে-আসতে দুর্ভোগ পোহাচ্ছে এসব ইউনিয়নের বাসিন্দাদের।
সুন্দরগঞ্জ এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সুন্দরগঞ্জ-বেলকা সড়কের রামডাকুয়া এলাকায় মরা তিস্তা নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়। তখন থেকে এটি রামডাকুয়া সেতু হিসেবে পরিচিত। প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি গত বছরের ২৩ আগস্ট বন্যার পানির স্রোতে বিধ্বস্ত হয় এবং কিছু অংশ ভেসে যায়। উত্তর পাশের সংযোগ সড়কও বিলীন হয়ে যায়।
এরপর নৌকাযোগে চলাচল শুরু হয়। পরে স্থানীয় জনগণের উদ্যোগে সেতুর স্থলে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। কিন্তু পানি শুকিয়ে যাওয়ায় সাঁকোটি এখন কোনো কাজে লাগছে না। তাই এলাকার লোকজন সাঁকোর বাঁশ খুলে নিয়ে গেছে। বর্তমানে এই সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিদ্যুৎ কুমার প্রথম আলোকে বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন বেলকা, হরিপুর ও তারাপুর ইউনিয়নের হাজারো মানুষ উপজেলা শহরে যাতায়াত করেন। কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেতুর স্থল থেকে প্রায় এক কিলোমিটার অংশ পায়ে হেঁটে শহরে ঢুকতে হচ্ছে।
একই ইউনিয়নের মধ্যবেলকা গ্রামের স্কুলশিক্ষক আবদুল মান্নান বলেন, সেতুটি ভেঙে পড়ায় ওই সড়কে যানবাহন চলছে না। আট কিলোমিটার ঘুরে এসব এলাকার লোকজনকে উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। বিশেষত এলাকার শিক্ষার্থীরা উপজেলা শহরের স্কুল-কলেজে যেতে বিড়ম্বনা পোহাচ্ছে।
বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের রিকশাচালক রহিম মিয়া বলেন, উপজেলা শহর থেকে তাঁর বাড়ি ১১ কিলোমিটার দূরে। আগে প্রতিদিন বাড়ি থেকে ভাড়া ধরে শহরে আসতেন। সারা দিন শহরে ভাড়া খাটার পর আবারও ভাড়া নিয়ে বাড়িতে ফিরে যেতেন। কিন্তু সেতু ভেঙে যাওয়ায় এখন শহরে ভাড়ায় গ্যারেজে রিকশা রেখে বাড়ি যেতে হচ্ছে।
জানতে চাইলে সুন্দরগঞ্জ পৌরসভার পুনর্নির্বাচিত মেয়র আবদুল্লাহ আল মামুন বলেন, সেতুটি নির্মাণের মতো অর্থ পৌরসভার নেই। এ কারণে এই মুহূর্তে সেতুটি নির্মাণ কিংবা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু করা যাচ্ছে না।
আবদুল্লাহ আল মামুন আরও বলেন, সেতু মেরামতের জন্য অর্থ বরাদ্দ চেয়ে এলজিআরডি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী আবুল মুনছুর বলেন, ‘আমি কিছুদিন আগে এখানে যোগ দিয়েছি। সেতুটির কাজ যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে চেষ্টা করব।’