পাঁচ মাসের কাজ ৩৬ মাসেও শেষ হয়নি
ঠিকাদারের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির কারণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বৃহত্তর বরিশাল প্রকল্পের অধীনে উজিরপুর-কোটালীপাড়া সাড়ে তিন কিলোমিটার সড়কের কারপেটিংয়ের করার কাজ তিন বছরেও শেষ হয়নি। অথচ দরপত্র অনুযায়ী পাঁচ মাসে এ কাজ করার কথা ছিল।
স্থানীয় লোকজন জানান, সড়কটি মেরামত না করায় এলাকার প্রায় দুই লাখ মানুষের চরম ভোগান্তি হচ্ছে। সাতলা গ্রামের ইকবাল বালী (২৬), একতা বাজারের ব্যবসায়ী রেজাউল (৫০), আকবর বিশ্বাস (৪২), মনা হাওলাদারসহ (৩৮) এলাকার বেশ কয়েকজন অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে নিম্নমানের মালামাল ব্যবহার করেছে। প্রকল্পের শুরুতেই মাটির কাজ করে সড়কটি উঁচু করে তার ওপর সাব-বেইজ করার কথা ছিল। কিন্তু ঠিকাদার তা না করে আগের রাস্তায়ই নির্মাণকাজ শুরু করেন। সাব-বেইজে পচা খোয়া ব্যবহার করেন। শুধু তা-ই নয়, ওয়াটার বাউন্ড ম্যাকাডমে ঠিকাদারি প্রতিষ্ঠানটি পুরোনো স্যালভেজ ইটের খোয়া ব্যবহার করেছে। সড়কটিতে সোল্ডারের কাজ না করে এজিং কাজ করেছে। এসব দুর্নীতির বিষয়ে উপজেলা প্রকৌশলীর কাছে প্রথম গত মার্চ মাসে লিখিত অভিযোগ করা হয়। এরপর উপজেলা প্রকৌশলী ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু ঠিকাদার তা উপেক্ষা করে নির্মাণকাজ অব্যাহত রাখেন। এলাকাবাসী আবার মে মাসে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে লিখিতভাবে জানান।
উপজেলা প্রকৌশলী ঠিকাদারকে দ্বিতীয়বার চিঠি দিলে ঠিকাদার কাজ বন্ধ করেন। এরপর ঠিকাদার গত ২০ জুলাই আবার নির্মাণকাজ শুরু করেন। ২৮ জুলাই বিক্ষুব্ধ এলাকাবাসী ঠিকাদারের লোকজনের ওপর হামলা চালিয়ে কাজ বন্ধ করে দেন। সেই থেকে এখন পর্যন্ত কাজ বন্ধ রয়েছে।
উজিরপুর উপজেলা উপসহকারী প্রকৌশলী জিয়াউল হক বলেন, অভিযোগের সত্যতা রয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণে ঠিকাদারকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে ঠিকাদারকে উচ্চতা মেপে লেভেল করে দিয়ে নির্মাণ করতে বলা হয়েছে। তিনি জানান, ঠিকাদার বিভিন্ন সময় আবেদন করে সময় বর্ধিত করেছেন। সর্বশেষ গত জুনে আবার সময় চেয়ে আবেদন করেছেন। এ আবেদনটি ঢাকায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ঠিকাদার মতিউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় কতিপয় লোক অনৈতিক সুবিধা চেয়ে না পাওয়ায় মিথ্যাচার করেছেন। কিছু খারাপ নির্মাণসামগ্রী ছিল, তা অপসারণ করা হয়েছে।
বরিশাল এলজিইডি ২০০৯-১০ অর্থবছরে উজিরপুর উপজেলার একতা বাজার থেকে করচা নদীর পার হয়ে কোটালীপাড়ার নয়াকান্তি বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটি কারপেটিং করার একটি প্রকল্প গ্রহণ করে। ২০১০ সালের ১৪ ডিসেম্বর চার কোটি ৭১ লাখ ৫৯৪ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের কার্যাদেশ পায় মেসার্স মতিউর রহমান নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১১ সালের ২৭ এপ্রিল নির্মাণকাজ শেষ করার কথা ছিল।