পাঁচ মিনিটে একটি শিশুর মৃত্যু হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রমণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে প্রতি পাঁচ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার আক্রমণে। ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া এখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং এক বিবৃতিতে এ কথা বলেছেন।
বিবৃতিতে পুনম বলেন, যক্ষ্মা, এইচআইভি, ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগের চিকিৎসায় আগে যেসব অ্যান্টিবায়োটিকে কাজ হতো, সেই অ্যান্টিবায়োটিকগুলো আর আগের মতো কাজ করছে না। দক্ষিণ-পূর্ব এশিয়ায় যৌক্তিকভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে না, যে রোগে যে মাত্রায় যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা দরকার, তা হচ্ছে না। অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ না করা, দীর্ঘদিন ধরে একটি ওষুধ সেবন করা, স্বাস্থ্যকর্মীদের অ্যান্টিবায়োটিক ব্যবহারে নির্দেশনা মানায় অনীহা সমস্যাকে প্রকট করছে।
বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সচেতনতা বাড়াতে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষ যেন যথেষ্ট সতর্কতার সঙ্গে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এবং নীতিনির্ধারকেরা অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করেন, সে ব্যাপারে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অ্যান্টিবায়োটিক একটি মূল্যবান সম্পদ। লাখ লাখ মানুষকে বাঁচিয়েছে এই অ্যান্টিবায়োটিক। তাই অ্যান্টিবায়োটিক যেন ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার কাছে হার না মানে, সে জন্য একযোগে কাজ করার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।