পাঁচ মিনিটের ঝড়ে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

নেত্রকোনার মদন ও আটপাড়া উপজেলায় গতকাল শনিবার ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় মদনে ঘরের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। ঝড়ে দুই উপজেলায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।
ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেড় হাজারের বেশি কাঁচা, টিনশেড ও আধা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত এবং অসংখ্য গাছপালা উপড়ে ও ভেঙে গেছে। এরপর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। গত রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ আসেনি।
মদনে নিহত নারীর নাম নুরুন্নাহার বেগম (৪৮)। তিনি কদমশ্রী গ্রামের মঞ্জু মিয়ার স্ত্রী। তা ছাড়া একই গ্রামের মাসুম মিয়া (৩৫), ফুলেনা আক্তার (৩০), জানু মিয়া (৪০), জ্যোৎস্না আক্তার (৩০) ও মো. নুরুল আমিন (৩৮); বাঘমারা গ্রামের জিসান মিয়াসহ (২৫) অন্তত ১০ জন আহত হয়েছেন। মাসুমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
আটপাড়ায় ঝড়ে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে বিজয়পুর গ্রামের আনোয়ারা বেগম (৭০) আহত হন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গন্ধর্বপুরের আসমত আলীর ছেলে আকাশ আলম (১০), তেলিগাতি গ্রামের গৃহবধূ জমিলা আক্তারসহ (৩৫) আটটি গ্রামে নারী-শিশুসহ অন্তত ২৫ জন আহত হন। তাঁদের অনেকেই স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, বেশ কিছু গ্রাম পরিদর্শন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা এবং মদনে আহত ছয়জনের পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে বাকিদের দ্রুত সাহায্য করা হবে।
মদন উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘূর্ণিঝড়ে গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী, ফতেপুর, নায়েকপুর, তিয়শ্রী ও চানগাঁও ইউনিয়নে পাঁচ শতাধিক ঘরবাড়ি ও কয়েক হাজার গাছপালার ক্ষতি হয়। ৪ থেকে ৫ মিনিটের এ ঝড়ে কিছু বিদ্যালয় ও মসজিদের ক্ষতি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়ালীউল হাসান বলেন, ‘ঝড়ের পরে আমি ও জেলা প্রশাসক স্যার ক্ষতিগ্রস্ত বেশ কিছু গ্রাম ঘুরে দেখেছি।’
আটপাড়া উপজেলা প্রশাসন ও কয়েকজন বাসিন্দা সূত্রে জানা যায়, বেলা পৌনে দুইটার দিকে তেলিগাতি ইউনিয়নের গন্ধর্বপুর, তেলিগাতি, বিজয়পুর, বড়তলি, শ্রীরামপাশা, শাসনকান্দি, কামারগাতি, পূর্ব হাতিয়র, পশ্চিম হাতিয়র, ইকরাটিয়া গ্রাম, তেলিগাতি বাজারসহ ১২টি গ্রামে ঝড় আঘাত হানে। পাঁচ মিনিটের মতো স্থায়ী এ ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তেলিগাতি, বিজয়পুর, পূর্ব হাতিয়র ও ইকরাটিয়া গ্রাম।
শ্রীরামপাশা গ্রামের হেলিম মিয়া বলেন, ‘তিনটি ঘর আছিল, তুফানে সবটি উড়াইয়া লইয়া গেছে। বউ-আবুদুব (বাচ্চা) লইয়া অহন কই থাকবাম বুঝতে পারতাছি না।’
তেলিগাতি বাজারের ব্যবসায়ী সুলতু মিয়া বলেন, আশপাশের এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। বাজারের প্রায় ৪০টি দোকানের ঘরের ক্ষতি হয়েছে।
তেলিগাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হাসান বলেন, ঝড়ে গ্রামগুলোর অধিকাংশ ঘরসহ গাছপালা ও বিদ্যুতের লাইনের ক্ষতি হয়েছে। দুটি প্রাথমিক বিদ্যালয়, তেলিগাতি ডিগ্রি কলেজ, কয়েকটি মাধ্যমিক স্কুল-মাদ্রাসা ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এক হাজারের বেশি হবে। এ মুহূর্তে সরকারি সাহায্য ছাড়া দরিদ্র পরিবারগুলোর ঘুরে দাঁড়ানোর উপায় নেই।
তেলিগাতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিম আরা বেগম বলেন, ‘ঝড়ে আমাদের কলেজের চারটি টিনশেড ঘর বিধ্বস্ত হয়। এর ফলে চলমান ডিগ্রি পরীক্ষা নিয়ে বিপাকে পড়তে হবে। এ ছাড়া তেলিগাতি বিএনএইচকে একাডেমি, তেলিগাতি মাদ্রাসা, ইকরাটিয়া বালিকা বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের চাল উড়ে গিয়ে ক্ষতি হয়েছে।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মজিবুর রহমান বলেন, ‘আশা করছি, রোববারের (আজ) মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাবে।’