পাঁচ মিনিটের ঝড়ে শতাধিক ঘর ও ২০টি দোকান বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ মিনিটের ঝড়ে শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইনপাড়া গ্রামে শতাধিক বসতঘর ও মঙ্গল মাঝির লঞ্চ ঘাটের ২০টি দোকান বিধ্বস্ত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে এ ঝড়ের সময় ঘরে চাপা পড়ে তিন ব্যক্তি আহত হয়েছে।

আহত ব্যক্তিদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাজিরা উপজেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার সন্ধ্যা থেকে শরীয়তপুরে ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি পড়তে শুরু করে। গতকাল সকাল ১০টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড়টি পাঁচ মিনিট স্থায়ী হয়। এতে পাইনপাড়া গ্রামের শতাধিক টিনের তৈরি বসতঘর বিধ্বস্ত হয়। গ্রামটির পাশের মঙ্গল মাঝির লঞ্চ ঘাটের ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়। এ সময় ঘরের নিচে চাপা পড়ে আতাউর রহমান, মণিমালা বেগম ও দেলোয়ার হোসেন আহত হয়েছেন।

পাইনপাড়া গ্রামের লতিফ মাতবর বলেন, সকালে বৃষ্টি হচ্ছিল, ১০টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। পাঁচ মিনিটের ঝড়ে আমার একটি দোতলা টিনের ঘর পড়ে যায়।

মঙ্গল মাঝির লঞ্চ ঘাটের ব্যবসায়ী মোশারফ মাদবর বলেন, ‘পাঁচ মিনিটের ঝড়ে আমার দোকানঘরটি উড়িয়ে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই এমন ক্ষতি হয়ে গেল। দোকানের মালামাল সরিয়ে নিতে পারিনি।’