
বরিশাল নগরে সকাল, দুপুর, সন্ধ্যা কি রাত—সব সময়েই লেগে থাকে যানজট। পাঁচ মিনিটের পথ যেতে ৩০ থেকে ৪৫ মিনিট আটকে থাকতে হয়। নগরবাসীর অভিযোগ, অবৈধ যানবাহনের কারণেই নগরবাসীর এই দুর্ভোগ।
সরেজমিনে ঘুরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক (সদর রোড), হাসপাতাল রোড, নতুনবাজার, ফজলুল হক অ্যাভিনিউ, চকবাজার, বাজার রোড এলাকায় তীব্র যানজট দেখা গেছে।
সিটি করপোরেশনের যানবাহন শাখা থেকে জানা যায়, বরিশাল নগরের জন্য দুই হাজার ৬০০ ইজিবাইকের লাইসেন্স দেওয়া হয়েছে। আগে থেকেই ১২ হাজার রিকশার লাইসেন্স দেওয়া আছে। সব মিলিয়ে নগরে বৈধ যানবাহনের সংখ্যা ১৪ হাজার ৬০০। কিন্তু নগরে অবৈধ যানবাহন আছে কমপক্ষে ছয় থেকে সাত হাজার। কিছু যানবাহন চলছে পুলিশের টোকেনে।
অনেকের অভিযোগ, সিটি করপোরেশন এবং পুলিশের সহযোগিতায় নগরে অবৈধ যানবাহন চলাচল করছে। এসবের বিরুদ্ধে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হয় না। নামমাত্র অভিযান চালিয়ে দায়িত্ব শেষ করে পুলিশ ও সিটি করপোরেশন।
নগরের সৌন্দর্য রক্ষা আন্দোলন এবং নদী, খাল, জলাশয় রক্ষা আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, বরিশাল নগর সবদিক থেকে জঞ্জালের নগর হিসেবে পরিচিতি পাচ্ছে। একদিকে ময়লা-আবর্জনা ও ভাঙাচোরা সড়ক বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ যানবাহন। এসবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। সিটি করপোরেশন এবং পুলিশ প্রশাসনের গাফিলতির কারণেই এই যানজট বাড়ছে।
দুপুর ১২টায় নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে কথা হয় ইজিবাইকের যাত্রী মো. আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি অভিযোগ করে বলেন, ব্রজমোহন কলেজ থেকে ইজিবাইকে উঠেছেন। নতুন বাজার পার হতে ২০ মিনিট লেগেছে। এখন আবার যানজটে আটকে গেছেন। লঞ্চঘাট যেতে কমপক্ষে ৪৫ মিনিট লাগবে। অথচ যানজট না থাকলে এই রাস্তা চলতে পাঁচ থেকে আট মিনিট সময় লাগত। একই অভিযোগ করেন ইজিবাইক ও রিকশাযাত্রী মো. হুমায়ুন কবির, পারভীন আক্তার, নুসরাত জাহান, আবীর হোসেনসহ অনেকে।
বরিশাল সিটি করপোরেশনের যানবাহন শাখার লাইসেন্স সহকারী পরিমল রায় বলেন, নগরে অবৈধ ইজিবাইক চলছে কমপক্ষে তিন থেকে চার হাজার। সেখানে বৈধ আছে মাত্র দুই হাজার ৬০০। এসব অবৈধ যানের কিছু পুলিশের টোকেনে চলে। তবে মেয়রের নির্দেশ নগরে করপোরেশন থেকে দেওয়া নম্বরপ্লেট ব্যতীত কোনো যানবাহন চলতে দেওয়া হবে না।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আবু রায়হান মো. সালেহ বলেন, নগরে পুলিশের টোকেনে কোনো যানবাহন চলছে না। বিচ্ছিন্নভাবে কেউ চালালে তার দায় তাকেই বহন করতে হবে। এ ছাড়া অবৈধ যানবাহন আটকে কার্যক্রম চলছে। আরও উদ্যোগ নেওয়া হবে।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বৈধ যানবাহনের তুলনায় অবৈধ যানের সংখ্যা বেশি। এ কারণেই নগর থেকে যানজটের সৃষ্টি হচ্ছে। এক সপ্তাহ ধরে অবৈধ যানবাহন আটকের অভিযান চলছে। অব্যাহতভাবে ওই অভিযান চলবে। অবৈধ যানবাহন মুক্ত করতে পারলে যানজট থাকবে না।