
তারুণ্য উৎসবে সম্মাননা জানানো হলো চট্টগ্রামের পাঁচ বীর মুক্তিযোদ্ধাকে। তাঁরা মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের অপূর্ণ লক্ষ্য পূরণের দায়িত্ব তরুণদের।
সম্মাননা পাওয়া মুক্তিযোদ্ধারা হলেন মো. সাহাবউদ্দিন, মাহফুজুর রহমান, অমল মিত্র, ফারুক ই আজম (বীরপ্রতীক) ও আ ক ম রইসুল হক বাহার। তাঁদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ‘কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসব-২০১৫’। তিন দিনব্যাপী এ উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিদ্যালয় ও মহাবিদ্যালয় এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়কে পুরস্কৃত করা হয়।
সম্মাননা পাওয়া মুক্তিযোদ্ধারা তাঁদের প্রতিক্রিয়ায় বলেন, এ উৎসবে অংশ নেওয়া তরুণদের মধ্যে যে দেশপ্রেমের চেতনা দেখা গেছে তা আশাজাগানিয়া। ’৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশের জন্য স্বাধীনতা নিয়ে এসেছেন। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন ভূখণ্ডে বাস করার স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই কিন্তু শোষণহীন, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার স্বপ্ন স্বাধীনতার ৪৪ বছরেও পূর্ণ হয়নি। এখন দেশকে সে লক্ষ্যে নিয়ে যাওয়ার দায়িত্ব তরুণদের।
তারুণ্য উৎসবে বিতর্ক প্রতিযোগিতায় যুক্তির লড়াইয়ে অংশ নেয় চট্টগ্রামের ১২টি বিদ্যালয় ও ১২টি মহাবিদ্যালয়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে নয়টি বিশ্ববিদ্যালয়। তিন দিনের প্রতিযোগিতা শেষে বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিদ্যালয়ের গৌরব অর্জন করে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ। বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইশমাম উল হক।
বিতর্ক প্রতিযোগিতায় মহাবিদ্যালয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজ, দ্বিতীয় হয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। এ পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেছে সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজের শিক্ষার্থী মানসিব তাহসিন।
আন্তসাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম হয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও তৃতীয় হয়েছে চট্টগ্রাম বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি।
সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারক ছিলেন নাট্যকর্মী আকবর রেজা, সংগীতশিল্পী শ্রেয়সী রায়, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, অধ্যাপক আহমেদ নেওয়াজ ও নাট্যশিল্পী শুভ্রা বিশ্বাস।
সমাপনী অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে এখন বিতর্ক, সংস্কৃতি চর্চা হারিয়ে যাচ্ছে। শিক্ষাক্রমের বাইরে তরুণেরা যাতে সৃজনশীল কাজে যুক্ত থাকে, সে জন্যই তারুণ্য উৎসবের আয়োজন করা হয়েছে।