পাঁচ মেয়র প্রার্থীর দানের টাকায় নির্বাচন
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ছয় প্রার্থীর মধ্যে পাঁচজনই প্রবাসী ও আত্মীয়স্বজনের দানের টাকায় নির্বাচন করছেন। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎস ও ব্যয়ের সম্ভাব্য খাতের বিবরণীতে তাঁরা এ তথ্য দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা বাবলু সূত্রধর গত শনিবার বলেন, এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বিএনপির আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আবদুল নূর, বিএনপির বিদ্রোহী মতিউর রহমান , জাতীয় পার্টির (জাপা) মীর মুহাম্মদ মুজিবুর রহমান ও জামায়াতে ইসলামীর নেতা স্বতন্ত্র প্রার্থী খিজির আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হলফনামায় দেখা গেছে, আবুল ইমাম মো. কামরান চৌধুরী এইচএসসি পাস করেছেন। তাঁর বিরুদ্ধে জেলা হাকিমের আদালতে সাতটি ফৌজদারি মামলা ছিল। এর মধ্যে পাঁচটিতে বেকসুর খালাস ও দুটিতে অব্যাহতি পেয়েছেন। একটি করাতকলের মালিক তিনি। ৭০ শতক কৃষিজমি থেকে বছরে তাঁর আয় ২০ হাজার টাকা। আর ব্যবসা থেকে আয় হয় দুই লাখ টাকা। যৌথ মালিকানায় তাঁর একটি বাড়ি আছে। ব্যাংকে জমা আছে ৭০ হাজার ৬২৭ টাকা। ব্যবসার ২০ হাজার টাকা ও চাকরিজীবী ভাইয়ের কাছ থেকে স্বেচ্ছাপ্রণোদিত দান হিসেবে পাওয়া ৮০ হাজার টাকায় তিনি নির্বাচনী ব্যয় মেটাবেন।
বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম বিএ পাস। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঠিকাদার। বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তাঁর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা তদন্তাধীন। এ ছাড়া মৌলভীবাজারের অতিরিক্ত জেলা হাকিমের আদালতে দায়ের করা একটি মামলায় তিনি বেকসুর খালাস পেয়েছেন। সাড়ে নয় শতকের কৃষিজমি থাকলেও এ খাত থেকে তাঁর কোনো আয় নেই। যৌথ মালিকানায় তাঁর একটি বাড়ি আছে। বড়লেখার একটি ব্যাংকে তাঁর ১ লাখ ৪ হাজার ৯০৭ টাকা ঋণ আছে। ফ্রান্সপ্রবাসী ভাতিজার কাছ থেকে স্বেচ্ছাপ্রণোদিত দান হিসেবে পাওয়া ৯৫ হাজার টাকা ও পাশের জুড়ী উপজেলার বিএনপির এক নেতার কাছ থেকে দানের ২০ হাজার টাকায় তিনি নির্বাচন করছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল নূর স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। ১৫ একরের যৌথ মালিকানার কৃষিজমি থেকে বছরে তাঁর আয় ২ লাখ ৭০ হাজার টাকা। ব্যাংকে নিজের নামে আট লাখ টাকা জমা আছে। তিনি যৌথ মালিকানার বাড়িতে থাকেন। ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে দান হিসেবে পাওয়া ৭০ হাজার টাকায় তিনি নির্বাচন করছেন।
বিএনপির বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান এসএসসি পাস। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। সাড়ে ১০ শতকের কৃষিজমি থেকে বছরে তিনি ২ লাখ ৭০ হাজার টাকা আয় করেন। তাঁর কোনো বাড়ি নেই বলে উল্লেখ করেছেন। যুক্তরাজ্যপ্রবাসী ভাতিজার দান করা ৮০ হাজার টাকায় তিনি নির্বাচনী ব্যয় মেটাবেন।
জাতীয় পার্টির প্রার্থী মীর মুহাম্মদ মুজিবুর রহমান বিএ পাস হলেও বেকার। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। যৌথ মালিকানায় একটি বাড়ি আছে। কাতারপ্রবাসী বন্ধুর কাছ থেকে দান পাওয়া এক লাখ টাকায় তিনি নির্বাচন করছেন।
িখজির আহমদ আলিম পাস। পেশা ব্যবসা। ব্যবসা থেকে বছরে তাঁর আয় হয় ২ লাখ ৬০ হাজার টাকা। নিজের নামে ২ লাখ টাকার স্বর্ণালংকার, ১ লাখ টাকার ইলেকট্রনিকস ও আসবাবসামগ্রী ও নগদ ৪৫ হাজার টাকা আছে। ব্যাংকে জমা আছে ৩ হাজার ৯৬৩ টাকা। তাঁর বিরুদ্ধে কোনো মামলার তথ্য হলফনামায় উল্লেখ নেই। ব্যবসার ৩০ হাজার টাকা ও ভাইয়ের কাছ থেকে ধার করা ৭০ হাজার টাকায় তিনি নির্বাচনী ব্যয় মেটাবেন।