পাঁচ মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া নাটোরে ট্রাকচাপায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হন। আজ রোববার সন্ধ্যায় দুর্ঘটনা দুটি ঘটে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারী-সৈয়দপুর সড়কের ধলাগাছ মতির মোড় এলাকায় সন্ধ্যার দিকে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে অন্যজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে নিহত দুজন হলেন সহোদর আসাদুল হক (৫২) ও জিকরুল হক (৪৫)। অন্যজন তাঁদের ভাতিজা রফিকুল হক (২৩)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, আসাদুল বিভিন্ন হাটবাজারে ওষুধ বিক্রি করতেন। তিনজনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

এদিকে নাটোর প্রতিনিধি জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নাটোর জজ কোর্টের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন একজন।

নিহত ব্যক্তিরা হলেন নাটোর সিংড়া উপজেলার গুনাইখাড়া মাদ্রাসার শিক্ষক আবদুর রউফ ও শিক্ষার্থী রজব আলী। অপর শিক্ষার্থী রাব্বি গুরুতর আহত হন। তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হতাহত ব্যক্তিরা একই মোটরসাইকেলে করে নাটোর শহর থেকে সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে জজ কোর্টের সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দেয়।

নাটোর সদর থানার ওসি সিকদার মশিউর রহমান বলেন, দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।