চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা ছয় যুবকের মধ্যে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রামের বিচারিক হাকিম হোসেন মোহাম্মদ রেজা শুনানি শেষে এ আদেশ দেন। পাঁচ যুবক হলেন মুসাব ইবনে ওমায়েদ (২৫), মোহাম্মদ শিপন ওরফে ফয়সল (২৫), খোরশেদ আলম (৩১), রাসেল মোহাম্মদ ইসলাম (৪০) ও আরিফুল মোস্তফা (২৩)। এ মামলায় তৌহিদুল আলম ওরফে মানিকের রিমান্ড চাওয়া হয়নি।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বলেন, সীতাকুণ্ড থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ যুবককে জিজ্ঞাসাবাদ করতে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে গতকাল আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পাঁচজনের মধ্যে আরিফুল মোস্তফা ছাড়া বাকি চারজনকে গত মঙ্গলবার থেকে ওই মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সীতাকুণ্ড থানার পুলিশ। তাঁদের আবার জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করা হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক বলেন, আরিফুল মোস্তফা ও তৌহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে অস্ত্র মামলায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আরিফুল মোস্তফাকে নতুন করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল রিমান্ড আবেদনে উল্লেখ করেন, আসামিরা জঙ্গি কার্যক্রম পরিচালনা করে সরকারকে উৎখাত এবং রাষ্ট্রের ক্ষতিসাধনের জন্য সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় জড়ো হন। তাঁরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাঁদের পলাতক সহযোগীদের নাম-ঠিকানা সংগ্রহ ও গুরুত্বপূর্ণ তথ্য আদায়ে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
১০ জুলাই সীতাকুণ্ড থেকে জঙ্গি সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চারটি চাপাতি, চারটি কিরিচ, ছয়টি মুঠোফোন, একটি ল্যাপটপ ও একটি ট্যাব উদ্ধার করা হয়। সীতাকুণ্ডের একটি কারখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা ছিল তাঁদের। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা করা হয়। আর গত বৃহস্পতিবার বাড়বকুণ্ড থেকে আরিফুল ও ফটিকছড়ি থেকে তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, এই দুজন ওই চার জঙ্গির সহযোগী।