পাঁচ রপ্তানিকারক এইচএসবিসি পুরস্কার পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে রপ্তানি কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য দেশের পাঁচটি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০০৯’ নামে এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবদুল করিম ও প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। বিচারকদের পক্ষে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বক্তব্য দেন।বার্ষিক পাঁচ কোটি ডলার বা বেশি রপ্তানি করে এমন তৈরি পোশাক ও বস্ত্রশিল্প বিভাগে ডিবিএল গ্রুপ; পাঁচ কোটি ডলারের কম বার্ষিক রপ্তানিকারক বিভাগে ইন্টারফেব শার্ট ম্যানুফ্যাকচারিং; ইপিজেড বিভাগে ইয়াংওয়ান গ্রুপ; তৈরি পোশাক ও বস্ত্র ব্যতীত অন্য পণ্য রপ্তানিকারক বিভাগে (বার্ষিক রপ্তানি ৩০ লাখ ডলারের বেশি) নাসির গ্রুপ এবং বার্ষিক রপ্তানি ৩০ লাখ ডলারের কম বিভাগে ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড পুরস্কার পেয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ, করপোরেট ব্যাংকিং-প্রধান মাহবুবুর রহমান প্রমুখ।