পাঁচ রেস্তোরাঁকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিচ্ছন্ন রান্নাঘর, পোড়া তেল ব্যবহার, পরোটার খামিরের ওপর মুরগির উচ্ছিষ্ট রাখাসহ নানা অনিয়মের জন্য চট্টগ্রামে পাঁচটি রেস্তোরাঁকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার নগরের দামপাড়া, আন্দরকিল্লা ও মোমিন রোড এলাকায় অভিযান চালিয়ে এসব রেস্তোরাঁকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর।
জেলা প্রশাসন সূত্র জানায়, পাঁচ রেস্তোরাঁকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে দামপাড়া এলাকার টি এম টি ডেইলি নিডস রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা, আন্দরকিল্লার চৌরঙ্গী হোটেলকে ২০ হাজার টাকা, মোমিন রোডের দস্তগীর হোটেল ও রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, একই এলাকার ক্যাফে কদম হোটেলকে পাঁচ হাজার টাকা, আন্দরকিল্লার নিউ মদিনা হোটেল ও রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর বলেন, টি এম টি ডেইলি নিডস রেস্তোরাঁয় গিয়ে দেখা গেছে, রান্নাঘরে পরোটার খামিরের ওপরে সদ্য কাটা মুরগির উচ্ছিষ্ট ও কাটা পা রাখা। একই ফ্রিজে কাঁচা মাংস, মসলা, কাটা সবজি রাখা। রান্নাঘরও অপরিচ্ছন্ন। চৌরঙ্গী হোটেলও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করছিল, খাবারে ঢাকনা দেওয়া ছিল না। দস্তগীর হোটেলে রান্নায় পোড়া তেল ব্যবহার করছিল। জরিমানা করা রেস্তোরাঁগুলোর তিনটি লাইসেন্স ছাড়া ব্যবসা করছিল, বাকি দুটিরও লাইসেন্সের মেয়াদ নেই।