পাঁচ লক্ষ্যে সফল, তিন লক্ষ্যে পিছিয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে যথেষ্ট এগিয়েছে বাংলাদেশ। সবচেয়ে সফল দারিদ্র্য বিমোচনের লক্ষ্য অর্জনে। ২০১৫ সালের মধ্যে দারিদ্র্য হার ২৯ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ছিল। নির্ধারিত সময়ের দুই বছর আগে ২০১৩ সালে দারিদ্র্য হার ২৬ দশমিক ২ শতাংশ নামিয়ে আনা সম্ভব হয়েছে। 
এমডিজির আটটি লক্ষ্যের মধ্যে শিশু মৃত্যুহার হ্রাস ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন—এ দুটি পুরোপুরি অর্জিত হবে। পুরোপুরি অর্জিত হবে না এমন লক্ষ্যগুলো হলো চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল, সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন এবং লিঙ্গসমতা অর্জন ও নারীর ক্ষমতায়ন। তবে এসব অর্জনকে সফল বলেই ধরে নিচ্ছে বাংলাদেশ।
এমডিজির অগ্রগতি নিয়ে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (ইআরডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। এ উপলক্ষে গতকাল রোববার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ক্ষুধা ও দারিদ্র্য হ্রাসের উদ্দেশ্যে জাতিসংঘের উদ্যোগে ২০০০ সালে আটটি উন্নয়ন লক্ষ্য ঠিক করে, যা সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য বা এমডিজি নামে পরিচিত। ২০১৫ সালের মধ্যে এসব লক্ষ্য অর্জনের সময় বেঁধে দেওয়া হয়। লক্ষ্যসমূহ হলো চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল, সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন, লিঙ্গসমতা অর্জন ও নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যুহার কমানো, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, এইচআইডি/ এইচডস, ম্যালেরিয়া ও অন্য রোগব্যাধি দমন, পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং সার্বিক উন্নয়নে বিশ্বব্যাপী অংশীদারি গড়ে তোলা।
এসব লক্ষ্য অর্জনে ৬০টি সূচক ব্যবহার করা হয়। এর মধ্যে বেশ কিছু সূচক রয়েছে, যেগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়নি প্রতিবেদনে। নির্দিষ্ট সময় পরপর নিজেদের এমডিজির অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ। গতকাল প্রকাশ করা হয় সপ্তম প্রতিবেদন।
সূচকে অগ্রগতি: লক্ষ্য অর্জনে ৬০টি সূচকের মধ্যে ইতিমধ্যে এক-তৃতীয়াংশ সূচকের লক্ষ্য অর্জিত হয়েছে কিংবা অর্জনের পথে রয়েছে। দারিদ্র্য বিমোচন, শিশুর অপুষ্টি দূর, প্রাথমিক শিক্ষায় ছেলে ও মেয়ের অনুপাত, পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার হ্রাস, এইচআইভি, ম্যালেরিয়া, যক্ষ্মা প্রতিরোধসহ ১২টি সূচকে ইতিমধ্যে লক্ষ্য অর্জিত হয়ে গেছে।
অন্যদিকে নয়টি সূচকের লক্ষ্য অর্জনে সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ। যেমন, প্রাথমিক শিক্ষায় নিবন্ধন বৃদ্ধি, শিশু মৃত্যুহার হ্রাস, টিকাদান কর্মসূচি, মাতৃমৃত্যুহার হ্রাস, জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি আক্রান্ত হওয়ার প্রবণতা, পাঁচ বছরের কম বয়সী শিশুর ম্যালেরিয়া প্রতিরোধ, যক্ষ্মায় মৃত্যুহার হ্রাস ও নিরাপদ পানির প্রাপ্যতা।
বাংলাদেশকে ১৫টি সূচকে লক্ষ্য অর্জন করতে হলে আরও নজর দিতে হবে বলে মত দেওয়া হয় প্রতিবেদনে। মোটা দাগে বলা যায়, বর্তমানে প্রবণতা চলতে থাকলে এসব সূচকে লক্ষ্য অর্জিত হবে না। সূচকসমূহের অন্যতম হলো শতভাগ জনগোষ্ঠী মানুষের কর্মসংস্থান, ১৫-২৪ বছর বয়সী শতভাগ যুবক-যুবতীকে শিক্ষিত করা, এক ডলারের কম আয় করা মানুষের সংখ্যা কমানো, জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব এক-তৃতীয়াংশে উন্নীত করা, অকৃষি খাতে নারী শ্রমিকের সংখ্যা পুরুষদের সমান করা, যক্ষ্মারোগীর সংখ্যা হ্রাস, বনভূমির হার মোট ভূমির ২০ শতাংশে উন্নীত করা এবং শতভাগ জনগোষ্ঠীকে উন্নত পয়োনিষ্কাশন সুবিধা দেওয়া।
দারিদ্র্য বিমোচনে সফল: এমডিজির এই প্রধান লক্ষ্য অর্জনের চারটি সূচকের মধ্যে দারিদ্র্য হার হ্রাস সূচকেই লক্ষ্য অর্জিত হয়েছে। এ ছাড়া দারিদ্র্য ও চরম দারিদ্র্য হারের মধ্যে ব্যবধান কমানোর লক্ষ্যও ইতিমধ্যে পূরণ হয়েছে। ২০১৫ সালের মধ্যে এই ব্যবধান হার ৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ছিল। বর্তমানে এ ব্যবধান সাড়ে ৬ শতাংশে রয়েছে।
২০১৫ সালের মধ্যে মোট জনগোষ্ঠীর ৩৫ দশমিক ১ শতাংশ মানুষ দৈনিক এক ডলারের বেশি আয় করবেন—এমন লক্ষ্য ছিল। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এমন মানুষের সংখ্যা হলো মোট জনগোষ্ঠীর ৪৩ দশমিক ৩ শতাংশ। এই লক্ষ্যটি অর্জিত হবে না। দারিদ্র্য বিমোচনের লক্ষ্য অর্জন করা গেলেও ১৫-২৪ বছর বয়সী যুবক-যুবতীদের মধ্যে বেকারত্ব বৃদ্ধির প্রবণতা রয়েছে বলে এমজিডির প্রতিবেদনে বলা হয়। এ ছাড়া আয়বৈষম্য হ্রাস ও নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে তুলনামূলক কম অংশগ্রহণও উদ্বেগের বিষয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আলোচনা: এমডিজি অগ্রগতি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী দু-তিন বছরের মধ্যে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। এ জন্য এখনই প্রস্তুতি নিতে হবে।
ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘জীবনের একটি সময় আমি দরিদ্র মানুষ হিসেবে সংগ্রাম করেছি। সে সময় আমি দারিদ্র্যের কুৎসিত ও রূঢ় বিষয়টি অনুধাবন করেছি।’ তিনি মনে করেন, দারিদ্র্য বিমোচনে ভালো করলেও সন্তুষ্ট হওয়ার কিছুই নেই। ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য নির্মূল করার লক্ষ্য অর্জন করতে হবে।
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান বলেন, উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থ ছাড় না করার একটি বড় কারণ হলো উন্নয়নশীল দেশগুলোর চাহিদার ভিন্নতা। তিনি মনে করেন, উন্নয়নশীল দেশগুলোর বৈদেশিক সহায়তার চেয়ে বড় প্রয়োজন হলো বেসরকারি বিনিয়োগ।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কান্ট্রি ডিরেক্টর পলিন টেমেসিস বলেন, এমডিজি পরবর্তী কর্মসূচিতে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে বিশেষ প্রাধান্য দিতে হবে। দেশের একটি বিশাল অংশ বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়।