পাঁচ লাখ কিশোর-কিশোরীকে প্রশিক্ষণ দেবে ব্র্যাক
দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নেওয়ার পর কারও কর্মসংস্থান হলে সেই কিশোর-কিশোরীদের মাসে গড়ে প্রায় ছয় গুণ আয় বাড়ে। পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা ও আত্মবিশ্বাস বেড়ে যাওয়ায় বাল্য বিয়ের হার কমে ৬২ শতাংশ কমে। অনুষ্ঠানে জানানো হয়, ২০২০ সাল নাগাদ প্রায় পাঁচ লাখ কিশোর-কিশোরীকে প্রশিক্ষণ দেবে ব্র্যাক।
বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘দ্য পাওয়ার অফ এ্যাপ্রেন্টিসশিপস’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়। ব্র্যাক এই গবেষণা ও অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার বলেন, বাজারে যেমন লোকের চাহিদা তেমন সরবরাহ নেই। এ জন্য দক্ষতা উন্নয়ন জরুরি। এ জন্য ২৩টি মন্ত্রণালয়ের ৩৫টি বিভাগের মধ্যে সমন্বয় দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে একই ছাতার মধ্যে আনার চেষ্টা করছি। এ জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী কয়েক মাসের মধ্যেই একটা স্কিল ডেভেলপমেন্ট অথোরিটি গঠন করা হবে।’
ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আরও গতিশীল করতে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের ওপর জোর দেন। তিনি বলেন, বেসরকারি সংস্থা ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ, টিকাদানসহ নানা কর্মসূচিতে সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করেছে। দক্ষতা উন্নয়নেও যৌথভাবে কাজ করা যায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদের কো-চেয়ারপারসন সালাউদ্দিন কাশেম খান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম খোরশেদ আলম ও ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির পরিচালক তাহসিনা আহমেদ।
অনুষ্ঠানে স্কিলস ট্রেনিং ফর অ্যাডভানসিং রিসোর্স (স্টার) শীর্ষক পর্যালোচনা তুলে ধরেন ব্র্যাকের সিনিয়র ম্যানেজার জয়দীপ সিনহা রায়। তিনি বলেন, ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্র্যাক স্টারের আওতায় ১৮ হাজার ৯০০ জন কিশোর-কিশোরীকে প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে ৫৭ শতাংশই নারী। এই কর্মসূচির আওতায় ব্র্যাক ২০২০ সাল নাগাদ প্রায় ৫ লাখ কিশোর-কিশোরীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
দক্ষতা প্রশিক্ষণের ফলে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব বিষয়ক দুটি গবেষণা প্রতিবেদন তুলে ধরেন ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের জ্যেষ্ঠ গবেষণা সহকারী অনিন্দিতা ভট্টাচার্য ও রেহনুমা রহমান।