কয়েক দিনের বৃষ্টিতে চাঁদপুর সেচ প্রকল্পের (সিআইপি) অধীন ছয়টি উপজেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে এসব এলাকার পাঁচ লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর পানিবন্দী হওয়ার কারণে দুর্ভোগ পোহাচ্ছে সহস্রাধিক পরিবার।
জানা গেছে, ১৫ জুলাই থেকে শুরু হওয়া বৃষ্টিতে প্রকল্পের বিভিন্ন এলাকায় আমনের বীজতলা তলিয়ে আছে। ভেসে গেছে মৎস্যচাষিদের পুকুরের মাছ। এ ছাড়া জলাবদ্ধতার কারণে অনেক কৃষক তাঁদের জমিতে চাষাবাদই করতে পারেননি। অথচ পরিকল্পিতভাবে চাষাবাদের জন্য ছয়টি উপজেলা নিয়ে এ সেচ প্রকল্পটি করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পের ভেতরে খাল দখল করে মাছ চাষ করায় এবং কিছু খালে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করায় বৃষ্টিতে জমে থাকা পানি সরানো যাচ্ছে না। এতে প্রকল্প এলাকার রায়পুরসহ ছয়টি উপজেলায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা দাবি করেছেন, এবার জুন ও জুলাই মাসে বেশি বৃষ্টি হয়েছে। এতে নিচু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
পাউবো চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুর, রামগঞ্জ (আংশিক), চাঁদপুর সদর (আংশিক), হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলার ১০০ কিলোমিটার এলাকা নিয়ে চাঁদপুর সেচ প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণ করা হয়। ৫৮ কিলোমিটার আয়তনের ডাকাতিয়া নদী এ প্রকল্পের প্রধান খাল। প্রকল্পের ভেতরে ৫৭ হাজার হেক্টর ফসলি জমি আছে। এ এলাকায় ১০ লাখ মানুষ বাস করে। আর কৃষক রয়েছে পাঁচ লাখেরও বেশি। প্রকল্পের পানি নিষ্কাশনের জন্য রায়পুরের হাজীমারা এলাকায় জলকপাট নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ফরিদগঞ্জের নানিপুর এলাকায় পানিনিষ্কাশনের জন্য বড় মোটর রয়েছে।
লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃষ্টির পানিতে রায়পুর উপজেলার ২০০ হেক্টর জমির আমনের বীজতলা ও ২০ হেক্টরের পানের বরজ নষ্ট হয়ে গেছে। রামগঞ্জ উপজেলার ১৫৫ হেক্টর জমির বীজতলা, ৩০ হেক্টরের আউশ ও ১০ হেক্টর জমির শাকসবজি ডুবে নষ্ট হয়ে গেছে।
রামগঞ্জের মাসিমপুর গ্রামের কৃষক আবু হানিফ, চণ্ডীপুর গ্রামের মোশারফ হোসেন, রায়পুরের বামনী গ্রামের গোলাম মোস্তফা ও কেরোয়া গ্রামের নূর মোহাম্মদ জানান, তাঁরা ৮০ শতাংশ জমিতে আমন রোপণ করেন। সবই পানিতে নষ্ট হয়ে গেছে। সর্বত্র পানি থইথই করছে।
ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামের কৃষক আলী আকবর ও মো. জহির বলেন, পানিতে ডুবে তাঁর জমিতে লাগানো আমন বীজতলা নষ্ট হয়ে গেছে। এ জন্য জমিতে এবার আমন ধান রোপণ করতে পারব না।
রায়পুরের চরমোহনা গ্রামের আবু বক্কর ও রামগঞ্জের ইসাপুর গ্রামের মো. কাজল মিয়া জানান, তাঁদের ৩২টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রকল্পের ভেতরের পানিনিষ্কাশন করলে তাঁদের এ ক্ষতি হতো না।
রায়পুর পৌরসভা এলাকারর কুণ্ডু বাড়ির মো. মনির হোসেন বলেন, ‘২০ দিন ধরে আমাদের এলাকার দুই শতাধিক পরিবার পানিবন্দী। পানির কারণে অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। গরু, ছাগল নিয়ে চরম ভোগান্তিতে আছি।’
রায়পুর উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর বাবুল বলেন, সেচ প্রকল্পের ভেতরে রায়পুর এলাকার ২০০ হেক্টর জমির আমন বীজতলা ডুবে গেছে। এ কারণে চলতি মৌসুমে আমন আবাদের লক্ষ্যমাত্রা ব্যাহত হবে।
পাউবোর চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রফিক উল্যা বলেন, চলতি বছরের জুলাই মাসে ৮৩২ মিলিমিটার বৃষ্টি হয়। অথচ গত বছরের জুলাই মাসে ৪১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। নানিপুর এলাকায় প্রকল্পের ভেতর থেকে ২৪ ঘণ্টা ছয়টি পাম্প দিয়ে পানি সেচে বাইরে ফেলা হচ্ছে। আর হাজীমারা রেগুলেটর দিয়েও প্রকল্পের ভেতরের পানিনিষ্কাশন করা হচ্ছে। তবে কয়েক দিনের মধ্যে আবার জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।