পাঁচ লাখ গাছের চারা বিতরণ করবে ডিএনসিসি
ঢাকা মহানগরকে সবুজ করে গড়ে তোলার লক্ষ্যে নগরবাসীর মধ্যে পাঁচ লাখেরও বেশি গাছের চারা বিতরণ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির পক্ষ থেকে আগামী তিন বছরে এসব চারা বিতরণ করা হবে এবং নগরের বিভিন্ন স্থানে রোপণ করা হবে। গত সোমবার রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনিসুল হক এসব কথা বলেন।
মেয়র বলেন, পাঁচ লাখ চারা বিতরণ ও রোপণের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এ ছাড়া এ কাজে বিভিন্ন এনজিও সম্পৃক্ত থাকবে। বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, প্রতিটি পাঁচ কাঠা আয়তনের বাড়িতে একটি করে বড় গাছ লাগানো হবে। যদি বড় গাছ লাগানোর মতো জায়গা না থাকে, তবে দুটি মাঝারি গাছ লাগানো হবে। যদি তা-ও সম্ভব না হয়, তবে সেখানে ছোট প্রজাতির গাছ লাগানো হবে।
অনুষ্ঠানে সাংসদ সাহারা খাতুন, জাদুশিল্পী জুয়েল আইচ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।