খাদ্য মজুদের পরিমাণ বাড়াতে ভারত থেকে পাঁচ লাখ টন খাদ্যশস্য আমদানির বিষয়টি চূড়ান্ত করেছে সরকার। বাংলাদেশ প্রয়োজন মনে করলে আরও পাঁচ লাখ টন খাদ্যশস্য বিক্রি করতে রাজি আছে ভারত সরকার। সে দেশের রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে এই খাদ্যশস্য সরবরাহ ও পরিবহন করে বাংলাদেশে পৌঁছানো হবে। ভারতের অভ্যন্তরীণ সংগ্রহমূল্যের সঙ্গে পরিবহন খরচ যোগ করে চাল ও গমের দাম নির্ধারণ করা হবে। খাদ্যসচিব বরুণ দেব মিত্রের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ভারত থেকে ফিরে এ কথা জানিয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি খাদ্যশস্য আমদানির ব্যাপারে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও কৃষিমন্ত্রী শারদ পাওয়ার সঙ্গে দেখা করে খাদ্য আমদানির বিষয়টি চূড়ান্ত করে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত থেকে তিন লাখ টন চাল ও দুই লাখ টন গম আমদানির বিষয়ে চুক্তি করতে ভারতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল খুব শিগগির বাংলাদেশ সফরে আসছে। ঈদের কিছুদিন পরই প্রতিনিধিদলটি বাংলাদেশে আসবে, এ কথা জানিয়ে খাদ্যসচিব বরুণ দেব মিত্র প্রথম আলোকে জানান, চলতি মাসে চুক্তি সই হয়ে গেলে অক্টোবরের মধ্যে খাদ্যশস্যের চালান বাংলাদেশে আসা শুরু করবে। প্রতিনিধিদল সূত্রে জানা গেছে, বাংলাদেশে রপ্তানির জন্য ভারতের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রীয় সংস্থা ফুড করপোরেশন অব ইন্ডিয়ার গুদাম থেকে চাল ও গম সরবরাহ করা হবে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন স্টেট ট্রেডিং করপোরেশন ও প্রজেক্ট ইকুইপমেন্ট করপোরেশনের মাধ্যমে এই খাদ্যশস্য পরিবহন করে বাংলাদেশে পাঠানো হবে। ভারতের সঙ্গে আলোচনা অনুযায়ী, দুই লাখ টন গমের মধ্যে ৫০ হাজার টনের চালানটি পাঞ্জাব থেকে রেলপথে বাংলাদেশে পৌঁছাবে। বাকি দেড় লাখ টন গম ও তিন লাখ টন চালের পুরোটাই জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আসবে। সূত্র জানায়, সফরকালে ভারতের কৃষিসচিব বাংলাদেশের প্রতিনিধিদলকে জানিয়েছেন, বর্তমানে ভারতের রাষ্ট্রীয় গুদামগুলোতে প্রায় দুই কোটি টন খাদ্যশস্য মজুদ আছে। এই মজুদ ভারতের জন্য যথেষ্ট হওয়ায় এখান থেকে বাংলাদেশ চাইলে আরও পাঁচ লাখ টন খাদ্য কিনতে পারে। এ ব্যাপারে বাংলাদেশকে দ্রুত খাদ্য কেনার বিষয়টি জানানোর জন্য বলেন তিনি। গত ৩০ আগস্ট বাংলাদেশের প্রতিনিধিদলটি ভারতে পৌঁছানোর পর অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে ২ সেপ্টেম্বর বৈঠক হয়েছে। বৈঠকে প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের উদাহরণ টেনে বলেছেন, প্রধানমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী খাদ্য রপ্তানি করতে প্রস্তুত রয়েছে। ভারতের কৃষি মন্ত্রণালয় প্রাথমিকভাবে প্রতি টন চালের দাম ৪৩৭ ও গমের দাম ৩৩০ ডলার নির্ধারণ করেছে। তবে বাংলাদেশ দাম আরেকটু কমানোর অনুরোধ করেছে বলে জানা গেছে। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি খাদ্যগুদামগুলোতে বর্তমানে ছয় লাখ ৫৭ হাজার ৫১৭ টন চাল, আট হাজার ৬৫০ টন ধান এবং ৫৫ হাজার ৬০৪ টন গম রয়েছে।