গাজীপুরের টঙ্গীতে গতকাল সোমবার প্যাসিফিক বেভারেজ অ্যান্ড ফুড কোম্পানির ভান্ডার থেকে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অননুমোদিত বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার গত ৯ জুলাই টঙ্গী শিল্পাঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্যাসিফিক বেভারেজ কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং কোম্পানির ভান্ডার সিলগালা করেন। গতকাল তিনিই ভান্ডারের ৩০ ধরনের পণ্য টঙ্গী পৌরসভার বুলডোজার দিয়ে ধ্বংস করেন। বিদেশ থেকে আমদানি করা মেয়াদোত্তীর্ণ এবং বিএসটিআইয়ের অনুমোদনবিহীন এসব পণ্য প্যাসিফিক কর্তৃপক্ষ গুদামে রেখে বাজারজাত করছিল। গতকাল ধ্বংস করার সময় নুডলস, চকলেট, জুস, ফ্লেবার চার্মসহ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের অধিকাংশ পণ্য থেকে উৎকট গন্ধ বেরোচ্ছিল। এ সময় টঙ্গী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান, বিএসটিআইয়ের সহকারী পরিচালক মো. গোলাম রাব্বানী, ফিল্ড অফিসার জাহিদুর রহমান ও জিসান আহমেদ উপস্থিত ছিলেন। প্যাসিফিক বেভারেজ অ্যান্ড ফুড লিমিটেডের পরিচালক আবদুল জলিল জানান, ধ্বংস করা এসব পণ্যের মূল্য প্রায় এক কোটি টাকা। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের খাদ্যপণ্য মজুদে তাঁরা আরও সতর্কতা অবলম্বন করবেন।