পাঁচ লাখ টাকার ওষুধ ও সুতার হদিস নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডারে রক্ষিত প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ ও সুতার সন্ধান মিলছে না। এর মধ্যে রোগীদের জন্য বিনা মূল্যে দেওয়া তিন ধরনের বড়ি এবং রোগীর দেহে অস্ত্রোপচারের পর সেলাই করার সুতা রয়েছে।
বিষয়টি তদন্তে গঠিত চার সদস্যের একটি কমিটি সম্প্রতি যশোরের সিভিল সার্জনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডাররক্ষক আহসান হাবিব জেলা ভান্ডাররক্ষক শফিউর রহমানের যোগসাজশে কয়েক মাস ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডার থেকে প্রায় পাঁচ লাখ টাকার ওষুধ ও সুতা অন্যত্র সরিয়ে ফেলেছেন। গত ৩০ জুন যশোরের সিভিল সার্জন আতিকুর রহমান খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশনে আসেন। ভান্ডার পরিদর্শনের সময় তিনি ওষুধ ও সুতার গরমিল দেখতে পান। এর মধ্যে সহস্রাধিক সেফিক্সিম, সেফরক্সিম ও রেক্সিন বড়ি এবং ১২ ডজন সুতা রয়েছে।
ঘটনা তদন্তে সিভিল সার্জন ১ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল কাদেরকে আহ্বায়ক এবং চিকিৎসক আবদুল গফ্ফার, মাহামুদুর রহমান ও মো. আলাউদ্দিনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি ১০ জুলাই সিভিল সার্জনের কাছে প্রতিবেদন দাখিল করে। আবদুল কাদের বলেন, ‘এটা বিভাগীয় তদন্ত। এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। সিভিল সার্জন স্যারের সঙ্গে কথা বলেন।’
সিভিল সার্জন বলেন, ‘পদ্ধতিগত কিছু সমস্যা রয়েছে। তা ছাড়া রেজিস্টার অনুযায়ী ওষুধ ও সুতা মিলছে না। আমি ওগুলো পাওয়ার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন পেয়েছি। তবে আমি ওই প্রতিবেদনে সন্তুষ্ট নই। প্রয়োজনে পুনরায় তদন্ত কমিটি গঠন বা আরও কিছু করা যায় কি না, এ ব্যাপারে চিন্তাভাবনা করছি।’
শফিউর রহমানের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আহসান হাবিব বলেন, সিভিল সার্জন স্যারসহ ওপরের স্যাররা এ ব্যাপারে কথা বলতে নিষেধ করেছেন।
অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য আবদুল মালেক বলেন, এ ধরনের অভিযোগ দীর্ঘদিনের। দায়ী কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। এটা বন্ধ হওয়া দরকার।