পাঁচ লাখ টাকার নকল জুস ধ্বংস
রাজধানীর গুলশানের একটি দোকানের মেয়াদোত্তীর্ণ প্রায় পাঁচ লাখ টাকার জুস ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গতকাল এই অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মেয়াদোত্তীর্ণ ও নকল টিপপো ব্র্যান্ডের ফলের জুস বিক্রি করার দায়ে আদালত গুলশান-১-এর মেসার্স তাহের এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ সময় ১৬০ কার্টন (প্রায় তিন হাজার লিটার) জুস ধ্বংস করা হয়।
সাত প্রতিষ্ঠানের জরিমানা: বাজার তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চারটি দল গতকাল রাজধানীর কয়েকটি বাজারে অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
উত্তর বাড্ডায় অভিযান চালিয়ে বিসমিল্লাহ সুইটসকে ২০ হাজার এবং বসুন্ধরা এলাকার বেইলি পিঠা ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নর্দ্দা বাসস্ট্যান্ডের এশিয়ান ফাস্ট ফুডকে ৩০ হাজার টাকা জরিমানা করে একটি দল। যাত্রাবাড়ীর কোনাপাড়ার লাকি ফুড প্রোডাক্টসকে ২০ হাজার ও ইসলামিয়া সুইটস অ্যান্ড বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।