বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ ২১টি। বর্তমানে আছেন মাত্র দুজন। তাঁরাও প্রেষণে এসেছেন উপজেলার কুকুয়া স্বাস্থ্যকেন্দ্র ও পাশের তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। ওই দুটি সেবাকেন্দ্র বর্তমানে চিকিৎসকশূন্য হয়ে পড়েছে।
আমতলী ও তালতলীর আর কোনো সেবাকেন্দ্রেও বর্তমানে কোনো চিকিৎসক নেই। অর্থাৎ, মাত্র দুজন চিকিৎসক দিয়ে চলছে উপজেলা দুটির স্বাস্থ্যসেবা কার্যক্রম। দুই উপজেলার জনসংখ্যা পাঁচ লাখের বেশি।
আমতলী ও তালতলীর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আমতলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি রয়েছে একটি স্বাস্থ্যকেন্দ্র, দুটি উপস্বাস্থ্যকেন্দ্র ও পাঁচটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র। আর তালতলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি রয়েছে একটি উপস্বাস্থ্যকেন্দ্র ও দুটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র। এসব কেন্দ্রে চিকিৎসকের মোট পদের সংখ্যা ৩৯টি। কিন্তু বর্তমানে ৩৭টি পদই শূন্য। বর্তমানে আমতলীর কুকুয়া স্বাস্থ্যকেন্দ্র, গুলিশাখালী ও গাজীপুর উপস্বাস্থ্যকেন্দ্র, গুলিশাখালী, কুকুয়া, চাওড়া, হলদিয়া ও আরপাঙ্গাশিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এবং তালতলীর তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তালতলী উপস্বাস্থ্যকেন্দ্র, পচাকোড়ালিয়া ও কড়ইবাড়িয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসকও নেই। ফলে দুই উপজেলায় চিকিৎসাসেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। বিশেষ করে তৃণমূলের দরিদ্র রোগীরা সেবাবঞ্চিত হচ্ছে।
বর্তমানে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসা সহকারীকে (উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা) দিয়ে নামমাত্র চিকিৎসা কার্যক্রম চলছে। আর আমতলীর কুকুয়া স্বাস্থ্যকেন্দ্র ও গাজীপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র গত ১ সেপ্টেম্বর থেকে তালা লাগিয়ে বন্ধ করে রাখা হয়েছে। অন্য কেন্দ্রগুলো তালাবদ্ধ না হলেও চিকিৎসকের অভাবে সেখানে কার্যক্রম চলে না।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে যে দুজন চিকিৎসক কর্মরত রয়েছেন, তার মধ্যে জোহানুল ইসলামকে তিন মাস আগে কুকুয়া স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রেষণে আনা হয়। আরেক চিকিৎসক শাহাদাত হোসেনকে ১ অক্টোবর প্রেষণে আনা হয় তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এ দুজনকে দিয়ে জোড়াতালির মাধ্যমে চলছে ৫০ শয্যার আমতলী হাসপাতালের চিকিৎসাসেবা।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ মতিন বলেন, আমতলী হাসপাতালে প্রতিদিন ২৫০-৩০০ জন রোগী সেবা নিতে আসে। এত রোগীর চাপ সামলাতে দুজন চিকিৎসকের হিমশিম অবস্থা। চিকিৎসকের সংকট কাটাতে সংশ্লিষ্ট দপ্তরে বারবার চিঠি দেওয়া হচ্ছে। কিন্তু কোনো সাড়া নেই।
বরগুনার সিভিল সার্জন রুস্তম আলী প্রথম আলোকে বলেন, ‘পুরো জেলাতেই চিকিৎসকের সংকট রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতি মাসেই চিঠি দিচ্ছি, কিন্তু ফল পাওয়া যাচ্ছে না।’