পাঁচ লাখ রোগীর সেবায় অ্যানেসথেটিস্ট আছেন একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবমতে, যুক্তরাষ্ট্রে নয় হাজার রোগীর সেবায় একজন অবেদনবিদ (অ্যানেসথেসিওলজিস্ট) আছেন। আর বাংলাদেশে প্রতি পাঁচ লাখ রোগীর সেবায় অবেদনবিদের সংখ্যা একজন।

এ বাস্তবতায় আজ বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস। অ্যানেসথেসিয়া চিকিৎসার গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে নীতিনির্ধারক ও সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে ১৬ অক্টোবর বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালিত হয়।

বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টসহ একাধিক প্রতিষ্ঠান বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালন করবে। সোসাইটি সকাল আটটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ক্যাম্পাস পর্যন্ত শোভাযাত্রা করবে। সকাল সাড়ে নয়টায় বিএসএমএমইউর ডা. শহীদ মিলন হলে বৈজ্ঞানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টের বৈজ্ঞানিক সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিওলজি বিভাগের প্রধান মো. আবদুর রহমান প্রথম আলোকে বলেন, দেশে অন্তত পাঁচ হাজার প্রশিক্ষিত অবেদনবিদ দরকার হলেও আছেন ৫৩২ জন।

সোসাইটির সভাপতি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম মাকসুদুল আলম বলেন, আগে রোগীর হাত-পা বেঁধে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে অস্ত্রোপচার করা হতো। ১৯৪৬ সালের ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি হাসপাতালে অ্যানেসথেসিয়ার মাধ্যমে অস্ত্রোপচার চালু হয়। বর্তমানে অ্যানেসথেসিয়া ছাড়া শল্যচিকিৎসা দেওয়া হয় না।