পাঁচ লাখ লোকের ছানি অপারেশনের উদ্যোগ সাইটসেভারসের
দেশের পাঁচ লাখ গরিব রোগীর চোখের ছানি অপারেশনের উদ্যোগ নিয়েছে বেসরকারি আন্তর্জাতিক সংস্থা সাইটসেভারস। ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে এসব রোগীর ছানি অপারেশন করা হবে। এ বিষয়ে সহযোগিতা করবে সরকারের ন্যাশনাল আই কেয়ার (স্বাস্থ্য অধিদপ্তর), ব্র্যাক ও ১২ টি বেসরকারি সহযোগী সংস্থার হাসপাতাল।
আজ শনিবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে সহযোগী সংস্থাগুলোর সঙ্গে একটি চুক্তি সই করেছে সাইটসেভারস। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ন্যাশনাল আই কেয়ার, সাইটসেভার্সসহ বিভিন্ন সহযোগী সংস্থা-হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ কার্যক্রমের অংশ হিসেবে সর্বস্তরের মানুষকে চক্ষুসেবা নিতে আগ্রহী করার লক্ষ্যে কর্মসূচি নেওয়া হবে এবং যাদের ছানি অপারেশন করা প্রয়োজন, তাদের বিনা মূল্যে ছানি অপারেশন করা হবে।
রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের (গোপালগঞ্জ ও রাজবাড়ী) সবগুলো জেলা সদর হাসপাতাল এবং ১২ টি সহযোগী সংস্থার ২১ টি হাসপাতালের মাধ্যমে ছানিজনিত অন্ধত্ব দূর করার লক্ষ্যে ‘ভিশন বাংলাদেশ-জেলা চক্ষু পরিচর্যা কর্মসূচির’ আওতায় এ কার্যক্রম পরিচালিত হবে।
ন্যাশনাল আই কেয়ারের লাইন ডিরেক্টর জালাল আহমেদ বলেন, ‘সহযোগী সংস্থাসমূহ স্ট্যান্ডার্ড ক্যাটার্যাক্ট সার্জিক্যাল প্রোটকল অনুসরণ করে তাদের প্রশিক্ষিত ও দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে ছানি অপারেশন করবে। এ ক্ষেত্রে কোনো টাকা গ্রহণ করা হবে না। ’
সাইটসেভারসের এ দেশীয় পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ‘সাইটসেভার্স কর্তৃক দরিদ্র এবং হতদরিদ্র ছানি রোগীদের প্রকল্পের নিয়ম অনুসারে শতভাগ বিনা মূল্যে ছানি অপারেশন করানো হবে। সহযোগী সংস্থাসমূহ অপারেশনকৃত ছানি রোগীদের ফলোআপের জন্য আউট পেশেন্টস ডিপার্টমেন্ট (ওপিডি), ভিশন সেন্টার, সাব সেন্টার, পিএসপি অথবা স্পেশাল ফলো আপ প্রোগ্রামের ব্যবস্থা থাকবে। ফলো আপ ভিজিটের সময় রোগীদের নিকট হতে ফি নেয়া যাবে না। ’ গোলাম কিবরিয়া জানান, রোগীদের সুবিধার্থে অপারেশনের সময় গাড়িতে করে হাসপাতালে আনা-নেওয়ার ব্যবস্থাও এ কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে। ’
বিভাগভিত্তিক সহযোগী সংস্থার যেসব হাসপাতালে সেবা পাওয়া যাবে সেগুলো হলো:
খুলনা বিভাগ: আদ-দ্বীন (কুষ্টিয়া, যশোর, খুলনা), দৃষ্টিদান আই হসপিটাল (বাগেরহাট), লেজার আই হসপিটাল (খুলনা), বিএনএসবি বেইস আই হসপিটাল (খুলনা)
রাজশাহী বিভাগ: প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেইস আই হাসপাতাল (সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, নওগাঁ এবং রাজশাহী), বগুড়া মিশন হাসপাতাল (বগুড়া এবং জয়পুরহাট), গ্রামীণ জিসিআই (বগুড়া ও ঠাকুরগাঁও), মক্কা আই হসপিটাল (রাজশাহী)
রংপুর বিভাগ: কাশেম ফাউন্ডেশন (কুড়িগ্রাম, নীলফামারী), কমিউনিটি আই হসপিটাল (রংপুর), দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন (রংপুর), গাউসুল আজম বিএনএসবি আই হাসপাতাল (দিনাজপুর)।