পাঁচ লাখ লোকের সমাগম ঘটানোর উদ্যোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আগামী ৫ মে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর সমাগম ঘটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান বলেন, মহাসমাবেশে ১৮টি সাংগঠনিক জেলা থেকে পাঁচ লাখ লোকের সমাগম ঘটানো হবে।দলীয় সূত্রে জানা গেছে, মহাসমাবেশের প্রধান সমন্বয়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় চিঠি দিয়ে বিভিন্ন কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে ২৩, ২৪ ও ২৫ এপ্রিল জেলা, থানা ও পৌর কমিটির সমন্বয়ে কর্মিসভা; ২৬, ২৭ ও ২৮ এপ্রিল থানা ও পৌর কমিটি এবং ইউনিয়ন-ওয়ার্ড কমিটির সমন্বয়ে কর্মিসভা; ২৯ ও ৩০ এপ্রিল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মিছিল; ১ মে থানা ও পৌর কমিটির প্রচার মিছিল; ২ ও ৩ মে জেলা শহরে সমাবেশ ও প্রচার মিছিল এবং ৪ মে জেলা পর্যায়ে সংবাদ সম্মেলন করা হবে। আর ৫ মে ‘চলো চলো রাজশাহী চলো’ স্লোগান নিয়ে বেলা দুইটার মধ্যে রাজশাহীর মাদ্রাসা ময়দানে উপস্থিত হতে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী মহানগরীর ৩৫টি ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একত্রে মিছিলসহ বেলা দুইটার মধ্যে মহাসমাবেশস্থলে যেতে হবে।