পাঁচ শতক বায়না করে ৯৩ শতক জমি দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে স্বতন্ত্র সাংসদ রহিম উল্লার শ্যালক আবু নাছের এক সংখ্যালঘু পরিবারের পাঁচ শতক জমি বায়নাপত্র করে সন্ত্রাসী দিয়ে ৯৩ শতাংশ জমি জবরদখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বর্তমানে সংখ্যালঘু পরিবারের সদস্যরা প্রাণভয়ে সোনাগাজী ছেড়ে ফেনীতে আশ্রয় নিয়েছেন। সোনাগাজী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামে গত মঙ্গলবার এ ঘটনাটি ঘটেছে।
গতকাল বুধবার ওই পরিবারের পক্ষ থেকে চিত্তরঞ্জন নাথ ফেনীর পুলিশ সুপার বরাবর আবেদন করে বেআইনিভাবে জবরদখলকৃত জমি উদ্ধার এবং জীবন রক্ষার আবেদন করেন।
চিত্তরঞ্জন নাথ জানান, তিনি সোনাগাজীতে ওষুধের ব্যবসা করে পরিবার-পরিজন নিয়ে পৌরসভার তুলাতলী পৈতৃক বাড়িতে বসবাস করেন। পরিবারের প্রয়োজনে গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সাংসদ রহিম উল্লার শ্যালক আবু নাছেরের কাছে প্রতি শতক ৪০ হাজার টাকা হিসাবে পাঁচ শতক দুই লাখ টাকা মূল্য নির্ধারণ করে একটি বায়নাপত্র সম্পাদন করে ৫০ হাজার টাকা গ্রহণ করেন। জমি রেজিস্ট্রি করার সময় অবশিষ্ট টাকা পরিশোধ করার কথা হয়। কিন্তু গত সোমবার ও মঙ্গলবার প্রায় শখানেক সন্ত্রাসী নিয়ে সাংসদের শ্যালক আবু নাছের তাঁদের বাড়ির আশপাশের ৯৩ শতক জমি জবরদখল করেন এবং সেখানে থাকা বেশ কটি আমগাছ, জামগাছ, কাঁঠালগাছসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলেন। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা। সন্ত্রাসীরা পরে ওই পরিবারের সদস্যদের খোঁজাখুঁজি করতে থাকে। তাঁরা বর্তমানে প্রাণভয়ে সোনাগাজীর পৈতৃক ভিটেবাড়ি ছেড়ে ফেনীতে আশ্রয় নিয়েছেন।
জানতে চাইলে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ (জেলা আওয়ামী লীগ-সমর্থিত) রহিম উল্লা প্রথম আলোকে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। ২৩ মার্চ পর্যন্ত তিনি স্থানীয় সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন। তারপর খোঁজ নিয়ে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেবেন।
ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, তিনি থানা-পুলিশের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখবেন এবং আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবেন।