পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় কালবৈশাখীর তাণ্ডবে পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত এবং বিপুল পরিমাণ গাছপালা ভেঙে পড়েছে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া ঝড়টির স্থায়িত্ব ছিল আধা ঘণ্টা।সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়ানুর রহমান জানান, তাঁর ইউনিয়নের চাচড়া, ডোমপট্টি ও চৌদ্দগড় গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২ জন।পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, স্থানীয় জাইল্যাবাড়ির ঘাট বাজারের পাঁচটি দোকান এবং মুরগির কয়েকটি খামার ভেঙে গেছে। এ ছাড়া সদুরচর ও চর পোটকা গ্রামের ২৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে সহস্রাধিক গাছ ভেঙে পড়েছে।ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান সরোয়ার ইসলাম জানান, তাঁর এলাকার ৮৫টি ঘর ও কয়েক শ গাছ ভেঙে পড়েছে। কাচিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর বেলায়েত হোসেন জানান, তাঁর এলাকায় ঘর চাপা পড়ে আট ব্যক্তি আহত হয়েছে। এ ছাড়া ২২টি ঘরসহ প্রায় দুই হাজার গাছ ভেঙে পড়েছে।দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, ঝড়ে ভবানীপুর ও সৈয়দপুর ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে।গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম প্রথম আলোকে জানান, তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।