পাঁচ শতাধিক ছাত্রী জেএসসি, জেডিসি পরীক্ষা দিচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় এ বছর অষ্টম শ্রেণিতে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা ৭৩৮ জন। এদের মধ্যে ৫০২ জনই ছাত্রী। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ফরম পূরণ করেও পরীক্ষা দেয়নি ২৩৬ জন।
বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঝরে পড়া ছাত্ররা শিশুশ্রমে এবং ছাত্রীদের বেশির ভাগই বিয়ে হয়ে গেছে।
জেলা শিক্ষা কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে জেলার ১৩০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩৪টি মাদ্রাসায় ১৩ হাজার ৯৩৬ জন শিক্ষার্থী ভর্তি হয়। যাদের এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু ৭ নভেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩ হাজার ১৯৮ জন। অষ্টম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭৩৮ জন ঝরে পড়েছে। যাদের মধ্যে ৫০২ জন ছাত্রী এবং ২৩৬ জন ছাত্র। এসব শিক্ষার্থীর মধ্যে ৩৯৫ জন ফরম পূরণের পরও পরীক্ষায় অংশ নেয়নি। এদের মধ্যে ১৩২ জন ছাত্র ও ২৩৬ জন ছাত্রী।
জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্রগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ২৫ জনের মধ্যে ১৪ জনই ছাত্রী। একইভাবে চুয়াডাঙ্গা একাডেমী কেন্দ্রে ২৭ জনে ১৮ জন, সদর উপজেলার সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭ জনে ১৫ জন, আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৩ জনে নয়জন এবং হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সাতজনের মধ্যে পাঁচজনই ছাত্রী। অন্যান্য পরীক্ষাকেন্দ্রেও একই চিত্র।
জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক জানান, চলতি বছরে ২০৭ জন অষ্টম শ্রেণিতে ভর্তি হয়। জেএসসিতে অংশ নিচ্ছে ১৭৯ জন। এর মধ্যে ১২ জনের ফরম পূরণের পর বিয়ে হয়ে যাওয়ায় পরীক্ষায় অংশ নিচ্ছে না।
নীলমণিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন জানান, চলতি বছরে ১০ জন জেএসসি পরীক্ষার্থীসহ এই বিদ্যালয়ের ৩৯ জন ছাত্রীর বাল্যবিবাহ হয়েছে। যার মধ্যে ষষ্ঠ শ্রেণির তিন, সপ্তম শ্রেণির ১৩, নবম শ্রেণির ছয় ও দশম শ্রেণির সাতজন রয়েছে।
এদিকে দারিদ্র্যের কারণে ছেলে শিশুদের বাইরের কাজে পাঠিয়ে দিচ্ছেন অভিভাবকেরা। জেলা শহরের পৌর এলাকার সরদারপাড়ার সাইকেল মেরামতকারী আদিল হোসেন বলেন, সংসারে অভাবের কারণে ছেলেকে হার্ডওয়্যারের দোকানে কাজ করতে পাঠিয়েছেন। এমন আরও অনেকেই কাজ করার জন্য স্কুল ছেড়েছে।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মতিউর রহমান বলেন, অনিরাপদ পরিবেশ, দারিদ্র্য ও সচেতনতার অভাবে এমনটি হচ্ছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, বাল্যবিবাহ হওয়া ছাত্রীদের ৭০ ভাগের সংসার টিকছে না। আর যারা নতুনভাবে শুরু করছে, তারা সামনে আসছে না।